আমার সবচেয়ে বড় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ক্যারিয়ারে অনেক উত্তুঙ্গ মুহূর্ত যেমন আছে, তেমনি আছে প্রচুর অবিস্মরণীয় ম্যাচ ও পারফরম্যান্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ বছর পর আজকের ম্যাচটিই সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। এই ফাইনালে জিতলে সেটা হবে বিদায় বলার মতো দারুণ কিছু। আমি শুধু আমার ক্যারিয়ারের রূপকথার মতো সমাপ্তির জন্যই এটা চাচ্ছি না। আমাদের সমর্থকেরা যাতে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়, সে জন্যই অন্য সতীর্থদের মতোই আমিও জিততেই চাইছি।গত তিন দশকে শ্রীলঙ্কাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তবে সম্প্রতি আমরা দারুণ সাহসিকতায় সব কঠিন বাধাই পেরিয়ে এসেছি। অনেকেই বড় ধরনের আত্মত্যাগ করেছে। তবে আজ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে আগামীর দিকে চোখ রাখতে পারছি।শ্রীলঙ্কায় ক্রিকেট হচ্ছে একতাবদ্ধ হওয়ার শক্তি। বিশ্বকাপ জয় দ্বীপটির সব প্রান্তেই আনন্দ ছড়িয়ে দেবে। পুরো দলটিই তাদের স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে যেতে প্রস্তুত।ব্যক্তিগতভাবে কিছু চোটের কারণে এই টুর্নামেন্ট খেলাটা আমার জন্য সহজ হয়নি, যদিও আমি এখনো এর প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। পুরো ক্যারিয়ারেই আমি এসব বাধা নিয়ে খেলেছি। শারীরিকভাবে একদম অচল না হলে আমি কোনো ম্যাচ মিস করিনি।হাম্বানটোটা, ক্যান্ডি ও প্রেমাদাসায় যে স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি, তাতে টুর্নামেন্টটা আমার কাছে আবেগেরও। দেশে আমার শেষ ম্যাচের রাতে যে চমৎকার অভিবাদন পেয়েছি, সেটাও দারুণ সম্মানের ব্যাপার। যাঁরা আমাকে এত দিন সমর্থন দিয়ে এসেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।১৯৯৬ সালে আমার প্রথম বিশ্বকাপের পর ক্রিকেট জাতি হিসেবে আমরা অনেক এগিয়েছি। বিশ্বমানে পৌঁছানোর অভিযাত্রায় সারথী হতে পারাটা খুবই সম্মানের। আমরা ছোট্ট একটা দ্বীপ হতে পারি, তবে আমাদের দেশে মেধার অভাব নেই। আমরা একটা দল হিসেবেই খেলি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ২০০৭ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি, আর এ জন্যই আজ আমরা এখানে। এটা সত্যিকারের দলীয় নৈপুণ্য আর আত্মত্যাগের ফল। কিছু চড়াই-উতরাই থাকলেও প্রথমে মাহেলা ও পরে সাঙ্গার চমৎকার নেতৃত্ব এসব কঠিন সময় পার হয়ে আসতে দিকনির্দেশনা দিয়েছে।গত কয়েক সপ্তাহ একটা বড় অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন ফাইনালে সেই অর্জনটার জন্য আমাদের যা কিছু আছে সবই দিয়ে দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদের দিনে আমরা যে কাউকেই হারাতে পারি।