আমি একা ম্যাচ জেতাতে পারব না: মেসি
বার্সেলোনাকে একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু পারছেন না জাতীয় দলকে জয় এনে দিতে। লিওনেল মেসির সমালোচকদের মোক্ষম ‘অস্ত্র’ বলতে এটিই। আসছে শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও মঙ্গলবার ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পুরোনো বিতর্ক আবারও উঠবে জেনেই মেসি জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে একা কোনো ম্যাচ জেতানো সম্ভব নয়।‘আমি একা ম্যাচ জেতাতে পারব না। কোনো খেলোয়াড়ের পক্ষেই একা ভালো খেলে ম্যাচ জেতানো সম্ভব নয়। এই সত্যটা জাতীয় দল, বার্সেলোনা ও সব জায়গায় একইভাবে প্রযোজ্য। প্রতিটি দলের জন্যই “একটি দল” হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ।’ বুয়েনস এইরেসে আজ বুধবার সাংবাদিকদের বলেছেন মেসি।আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ১৬টি আনুষ্ঠানিক ম্যাচের একটিতেও গোলের দেখা পাননি মেসি। অবশ্য তিনি খেলেছেন দুর্দান্ত। এর প্রমাণ, কোপা আমেরিকা আসর। জুলাইয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে। কোনো গোল না করেও জাদুকরী ফুটবল প্রদর্শনের জন্য ঠিকই কোপায় আর্জেন্টিনার সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি।লিওনেল মেসির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে কোচ আলেক্সান্দ্রো সাবেলা বলেছেন, ‘মেসি গোল না পেলেও এ নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ আর্জেন্টিনা যে গোলগুলো পায়, তা আসে ওর পা অথবা মাথা থেকে। অন্য যেকোনো ফুটবলারের চেয়ে ও বেশি গোল বানিয়ে দেয়।’ ওয়েবসাইট।