আমি এখন জীবন্ত কিংবদন্তি: বোল্ট (ভিডিও)
উসাইন বোল্টের নামের আগে এখন ‘কিংবদন্তি’ শব্দটা যোগ করে দেওয়াটাই যথার্থ হবে। বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। দুই অলিম্পিকে এই দুই ইভেন্ট জয়ের কীর্তি নেই আর কারও। বোল্টকে জীবন্ত কিংবদন্তি বলবেন না তো কাকে বলবেন?বোল্ট অবশ্য জীবন্ত কিংবদন্তি হয়ে ছিলেন আগেই। কিন্তু নিজ থেকেই একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। ১০০ মিটারের সোনা জয়ের পর বলেছিলেন, ‘২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেই কেবল নিজেকে কিংবদন্তি বলব।’ সেই চ্যালেঞ্জে গতকাল রাতে বোল্ট জিতেছেন। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ মিটারে সোনা ধরে রাখার রেকর্ড গড়ার পর নিজেকে কিংবদন্তি হিসেবে ঘোষণা দেন বোল্ট, ‘আমি এখন জীবন্ত কিংবদন্তি।’তাহলে কি এখন বুট জোড়া তুলে রাখবেন বোল্ট? প্রশ্নটা উঠতেই পারে। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ২৫ বছর বয়সী এই স্প্রিন্টার নিজেই, ‘আমি এখন অবসর নেওয়ার মতো প্রস্তুত নই। এই খেলাটাকে আমি ভালোবাসি।’২০০ মিটারে বোল্টের সেরা টাইমিং ১৯.১৯ সেকেন্ড। ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ডটা গড়েছিলেন তিনি। গতকাল রাতে সময় নিলেন ১৯.৩২ সেকেন্ড। তবে টাইমিং নিয়ে ভাবছেন না বোল্ট, ‘আমি ঠিক এটাই চেয়েছিলাম এবং এটা পেয়েছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’বোল্ট বলেন, কঠিন এক মৌসুমের পর এখানে এসেছিলাম। তবে আমি পেরেছি। আমি ভেবেছিলাম, বিশ্ব রেকর্ড গড়া সম্ভব। আমার মনে হয়, দৌড়ে গতি ছিল, কিন্তু যথেষ্ট ফিট ছিলাম না। পিঠে কিছুটা ব্যথা অনুভব করছিলাম। তবে নিজের ফর্মটা ধরে রাখার চেষ্টা করেছি। নিজের কাজের প্রতি অনুগত ছিলাম। লন্ডন অনেক কিছু দিয়েছে আমাকে।’২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলে— তিনটি ইভেন্টেই সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এবার লন্ডন অলিম্পিকে এসে ১০০ মিটারের সোনা নিজের কাছে রেখে দেন রেকর্ড ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে। বোল্ট গতকাল জিতলেন ২০০ মিটারের সোনা। তবে সেটা অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোনোটিরই রেকর্ড নয়। ২০০ মিটারের ফাইনালের ফলাফল:১. উসাইন বোল্ট, জ্যামাইকা (১৯.৩২ সেকেন্ড)২. ইয়োহান ব্লেক, জ্যামাইকা (১৯.৪৪ সেকেন্ড)৩. ওয়ারেন ওয়ের, জ্যামাইকা (১৯.৮৪ সেকেন্ড)সূত্র: বিবিসি।