সেরা প্রস্তুতি বলতে যা বোঝায়, সেটা নিয়েই যাচ্ছি ত্রিনিদাদে। গত বেশ কয়েকটা সিরিজে এতটা ভালো প্রস্তুতি নিয়ে আমি কোথাও খেলিনি। সব সময় ছোটখাটো ইনজুরি ছিল। এবার সেটা নেই।অনেক দিন ধরে সঙ্গী হয়ে থাকা হাঁটুর সমস্যাটা অবশ্য আছে। রিহ্যাব করে এখন কিছুটা ভালো, ও রকম ব্যথা নেই। খেলতেও সমস্যা হচ্ছে না। তার পরও ভাবছি অস্ত্রোপচার করিয়ে ফেলব। এ ধরনের ইনজুরি প্রতিনিয়ত সমস্যায় না ফেললেও একটা সমস্যা তো বটেই। হয়তো বিশ্বকাপের পরপরই দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া কোথাও গিয়ে অস্ত্রোপচারটা করে আসব। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব শ্রীলঙ্কায় গিয়ে। শুনেছি, এটা তেমন জটিল অস্ত্রোপচার নয়। দুই দিন পরই নাকি হাঁটতে পারব। সর্বোচ্চ ছয় সপ্তাহ লাগবে পুরোপুরি ঠিক হতে। কিছু খেলা মিস হওয়ার আশঙ্কা আছে। সেটা তো যখন অস্ত্রোপচার করব তখনই...।যেটা বলছিলাম, খুব ভালো প্রস্তুতি এবার আমার। প্রচুর ম্যাচ খেলছি বলে টি-টোয়েন্টি ক্রিকেটের অনভ্যস্ততাগুলো দূর হচ্ছে। আমার কাছে সেরা প্রস্তুতি মানে যেটুকু প্রস্তুতি নিলে আমি দিন শেষে আফসোস করব না। ভালো-খারাপ যা-ই খেলি, খেলা শেষে মনে হবে না কোথাও ঘাটতি ছিল। বোধ হয় আরেকটু প্রস্তুতি নিলে ভালো হতো। যদি এটা করতাম ভালো হতো, ওটা না করা উচিত ছিল। এ রকম কোনো যদি-কিন্তুর মধ্যে আমি যেতে চাই না। মনের মধ্যে সন্দেহের ঘুণপোকা রেখে ‘প্রস্তুতি ভালো হয়েছে’ বললে পরে আফসোস করতে হয়। এবার আমার মধ্যে সে সন্দেহ নেই। ত্রিনিদাদ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্যক্তিগতভাবে আমার প্রস্তুতি বেশ ভালো।দল হিসেবেও প্রস্তুতিটা এবার ভালো বলতে পারেন। সবাই কমবেশি খেলার মধ্যে আছে। এই অভিজ্ঞতা কাজে লাগবে। অনেক দিন আগের কথা হলেও বিপিএলে খেলাও ভূমিকা রেখেছে এই প্রস্তুতিতে। বিপিএলের ম্যাচগুলোয় টি-টোয়েন্টির বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সবার ভালোভাবে পরিচয় ঘটেছে। এরপর জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, হল্যান্ড সফর করলাম। এখন আবার ত্রিনিদাদে যাচ্ছি। এসব ম্যাচ থেকে অর্জিত আত্মবিশ্বাসটা বিশ্বকাপে নিয়ে যেতে পারলেই হয়।বিশ্বকাপে আমাদের প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে ওঠা। পাকিস্তান, নিউজিল্যান্ডের গ্রুপে থাকলেও এটা খুবই সম্ভব। নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। আর এশিয়া কাপ ফাইনালে ভালো খেলার অভিজ্ঞতা প্রেরণা হবে পাকিস্তানের বিপক্ষে।নিজের প্রস্তুতির কথা বেশি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছি আসলে মাঝখানে কিছুদিন বিশ্রাম নেওয়ায়। জিম্বাবুয়ে সফরে যাইনি, এসএলপিএলেও খেললাম না। এ রকম একটা বিরতি দরকার ছিল। রিহ্যাব, জিম—এগুলো খেলার মধ্যে থেকে ভালোভাবে করা যায় না। খেলার বাইরে থাকায় এবার এ জিনিসগুলোতে অনেক সময় দিয়েছি। ছোটখাটো সমস্যাগুলো তাতে চলে গেছে। শ্রীলঙ্কায় বিশ্বকাপ বলে এসএলপিএলে খেললে হয়তো আমারও কিছুটা উপকার হতো। সেখানকার উইকেট-কন্ডিশন সম্পর্কে ধারণা পেতাম। তবে আমরা ওখানে একটু আগেভাগে চলে যাচ্ছি বলে সমস্যা হবে না আশা করি। মানিয়ে নেওয়ার জন্য এ সময়টা যথেষ্ট।এবার বিশ্রামে পুরোপুরি ক্রিকেটের বাইরে চলে গিয়েছিলাম। কিছু বিজ্ঞাপনের শ্যুটিং করেছি। ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকটা অনুষ্ঠানে গেছি। ব্যতিক্রমী অভিজ্ঞতা, ভালো সময় কেটেছে। খেলার একদম বাইরে গিয়ে একটু হালকা হওয়ার দরকার ছিল, সেটা হয়েছি। আর ক্রিকেট খেলার তুলনায় টক শো করা তো দেখি অনেক সহজ! অবশ্য আপনি যদি ক্যামেরার সামনে বসে কিছু লুকাতে চান, তাহলে কঠিন। আমার তো আর লুকানোর কিছু ছিল না। আমি হলাম খোলা বইয়ের মতো।