আমি কেবলই খেলোয়াড়, কোচের নিয়োগকর্তা নই: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

ফুটবল মাঠে লিওনেল মেসিই যে বার্সেলোনার প্রাণভোমরা, সেটা তো সবাই জানে। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের তো এমনটাই হওয়ার কথা। কিন্তু এখন মেসি কি কাতালান ক্লাবটির নীতিনির্ধারকদেরও একজন হয়ে গেছেন? তিনিই কি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন বার্সার কোচ হিসেবে জেরার্ডো মার্টিনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে? মার্টিনের নিজের কথায়ও কিন্তু ছিল তেমন ইঙ্গিত।
একজন খেলোয়াড় কিনা ঠিক করে দিচ্ছেন কে হবেন দলের কোচ! ভাবতেও কেমন অবিশ্বাস্য লাগে। যদিও মেসি নিজে এই গুঞ্জন উড়িয়ে দিলেন। মার্টিনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে বড় কোনো ভূমিকা তাঁর নেই বলেই দাবি করেছেন বার্সার আর্জেন্টাইন জাদুকর। স্বভাবসুলভ বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, মার্টিনোর নিয়োগকর্তা তিনি নন। যা করার ক্লাব কর্তৃপক্ষই করেছে।
টিটো ভিলানোভা সরে দাঁড়ানোর পর বার্সেলোনার নতুন কোচ নির্বাচন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে মেসি একবার মাত্র জানিয়েছিলেন নিজের পছন্দের কথা। তার পরপরই আর্জেন্টাইন কোচ মার্টিনোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মেসির যে কিছুটা প্রভাব আছে, সেটা তখনই খানিকটা অনুমান করা গিয়েছিল। মার্টিন সেই ধারণাকে উসকে দিয়ে পরশু এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কীভাবে সবকিছু হলো, আমি বিস্তারিত জানি না। তবে আমার কোনো সন্দেহ নেই, হোর্হে ও মেসি দুজনেরই এ ব্যাপারে কিছুটা ভূমিকা আছে। ওদের মতামত নেওয়া হয়েছিল এবং ফলাফল তো দেখতেই পাচ্ছি আমরা।’

কিন্তু মেসির দাবি, ‘মার্টিনোর চুক্তি বিষয়ে আমার কিছুই করার ছিল না। আর আমার কোনো কিছু ব্যাখ্যাও করার নেই। এটা সভাপতি রসেল ও ক্লাবের ব্যাপার। সে সময় আমি শুধু বলেছিলাম যে মার্টিনোকে আমার ভালো কোচ মনে হয়। আমি ব্যক্তিগতভাবে তাঁকে বা লুইস এনরিকেকে চিনতাম না। প্যারাগুয়ে আর নিউয়েলসের কোচ হিসেবে যে রকম সাফল্য পেয়েছেন, তাতে মনে হয়েছিল তিনি এখানেও ভালো করতে পারবেন।’

তবে মার্টিনোর অধীনে নতুনভাবে গুছিয়ে নিতে বেশ ভালোই ঘাম ঝরাতে হবে মেসিদের। ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমটা যে খুব একটা সহজ হবে না, সেটাও বেশ ভালোমতোই টের পাচ্ছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার, ‘টিটোর বিদায়ের পর আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। এই মৌসুমটা আমাদের জন্য খুবই কঠিন হবে।’