আমি খুব খুশি: এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে এলেন না সিলেট রয়্যালসের কেউই। ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষে কথা বললেন কেবল উইকেটরক্ষক এনামুল হক।ঢাকা কেন তরুণ এনামুলকে সাংবাদিকদের সামনে পাঠাল—কারণটা নিশ্চয়ই এতক্ষণ সচেতন পাঠকেরা ধরে ফেলেছেন। তিনি যে ম্যাচের সেরা খেলোয়াড়! মনের অনুভূতিগুলো সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন তো তিনিই!বিপিএলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ম্যাচসেরার মর্যাদা পেয়েছেন এনামুল। অনুভূতিটা জানতে চাওয়া হলে এনামুলের জবাব, ‘আমি খুব খুশি।’এত খুশির মধ্যেও একটা ‘দুঃখ’ অবশ্য আছে এনামুলের। এটা ছিল তাঁর প্রথম টি-টোয়েন্টি। আর এ ম্যাচে হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পেলেন না। মিস করলেন মাত্র ২ রানের জন্য। নিজের অনুভূতিটা এনামুল জানালেন এভাবে—‘খুব খারাপ লাগছে। এটি আমার প্রথম টি-টোয়েন্টি। ৫০ রান পেলে ম্যাচটা আরও বেশি স্মরণীয় হয়ে থাকত।’খুলনার কাছে ১৯ রানে হার। তবে নিজেদের প্রথম ম্যাচের ওই হারকে পেছনে ফেলে আজ ঢাকার জয় ৭ উইকেটে। দলের পারফরম্যান্সের এই রূপান্তর প্রশ্নে এনামুলের জবাব, ‘গত ম্যাচে হারার পর আমাদের মধ্যে একটা জেদ কাজ করেছে। পরের ম্যাচগুলোতে আমাদেরকে ভালো করতে হবে। আজ সব বিভাগেই ভালো করতে চেষ্টা করেছি আমরা। আমার মনে হয়, আমরা সফল হয়েছি।’জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১২৫ রান। এই রান তুলতে ঢাকাকে লড়তে হলো ১৮.২ ওভার পর্যন্ত। একটু কী বেশি সময় নিয়ে ফেললেন না? সাংবাদিকদের এই প্রশ্নে এনামুল বললেন, ‘আমরা তাড়াহুড়ো করতে চাইনি। উইকেট রেখে সুন্দরভাবে ফিনিশিং দিতে চেয়েছিলাম। আমরা তা পেরেছি।’টি-টোয়েন্টিতে আপনার আদর্শ ক্রিকেটার কে? প্রশ্নটা করতেই এনামুল উল্লেখ করলেন ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের নাম।