সাক্ষাৎকারে এলিটা কিংসলি
আমি খেললে গোল নিয়ে ভাবতে হবে না
অপেক্ষার পালা শেষ। বাংলাদেশি ফুটবলার হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম ম্যাচ খেলে গোলও পেয়েছেন এলিটা কিংসলি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই নাইজেরিয়ান ফুটবলার বলেছেন বাংলাদেশের ফুটবলে তাঁর ভবিষ্যৎ লক্ষ্যের কথা—
প্রশ্ন :
বাংলাদেশি এলিটা কিংসলির শুরুটা হলো গোল দিয়ে। এই গোলের অনুভূতিটা নিশ্চয় অন্য রকম...
এলিটা কিংসলি: আমি গোল করেছি, এটা কোনো খবর নয়। কারণ, অতীতেও আমি অনেক গোল করেছি। সব গোল আমার কাছে একই রকম। তবে এই গোলটিকে বিশেষ তো বলা যায়ই। আত্মবিশ্বাস ছিল মাঠে নামলে গোল করব। দুটি সুযোগ মিস করে একটি গোল করতে পেরেছি। আপনি যখন বসুন্ধরা কিংসের মতো বড় দলে পারফর্ম না করতে পারলে চাপে পড়তে হবে। এখানে প্রতিটি পজিশনে তিনজন করে ভালো ফুটবলার আছে।
প্রশ্ন :
তাহলে সর্বশেষ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা কিংসলিকেও এখন একাদশে জায়গা পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে!
কিংসলি: শুধু একাদশে নয়, অনুশীলন ম্যাচে দুই দলের একটিতে জায়গা পেতেও অনেক প্রতিযোগিতা। উঁচু মানের বিদেশি খেলোয়াড় আছে। স্থানীয় ফুটবলাররাও অনেক ভালো। এই দলের একাদশে জায়গা করে নেওয়া অনেক কঠিন। আমার জন্য ভালো হয়েছে যে প্রথম ম্যাচেই গোল পেয়েছি। এটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
প্রশ্ন :
মৌসুমের বাকি আট ম্যাচে কত গোলের লক্ষ্য?
কিংসলি: ১০ গোল করতে চাই। ৮–৯ গোল তো করতে পারবই। ভবিষ্যতের কথাও বলে রাখছি। আমি এক মৌসুমে বাংলাদেশের খেলোয়াড়ের করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে চাই।
প্রশ্ন :
রেকর্ডটা কিন্তু ২৭ গোলের...
কিংসলি: কোনো সমস্যা নেই। আমি যদি বসুন্ধরার এই দলের হয়ে পুরো এক মৌসুম খেলতে পারি, এই রেকর্ড ভাঙতে পারব। প্রতি ম্যাচেই আমার গোল করার সামর্থ্য আছে। এই দলে বলের জোগান দেওয়ার মতো খেলোয়াড় অনেক। জোনাথনের (ফার্নান্দেজ) যে ক্রস থেকে হেড করে গোল করেছি, আমি জানতাম বলটা ওখানেই আসবে। আমি সেভাবেই জায়গা তৈরি করেছি।
প্রশ্ন :
১৪ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে নেমে মানিয়ে নেওয়া কতটা কঠিন ছিল?
কিংসলি: বাংলাদেশি হিসেবে প্রথম ম্যাচটি আমার জন্য ঐতিহাসিক ছিল। চারটি প্রস্তুতি ম্যাচ খেলায় কালকের (শনিবার) ম্যাচে মানিয়ে নিতে কষ্ট হয়নি। যতক্ষণ খেলেছি উপভোগ করেছি। পিঠে হালকা ব্যথা অনুভব করায় কোচকে জানাই। তাই দ্বিতীয়ার্ধে আমাকে তুলে নেওয়া হয়। কোচ আমাকে খুব ভালো বুঝতে পারেন। তিনি অনুশীলনে সহযোগিতা না করলে প্রায় দেড় বছর পর বসুন্ধরার মতো দলে আমার ফেরাটা সহজ হতো না।
প্রশ্ন :
আপনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী?
কিংসলি: তাঁকে খুশি করতে পারাটা আমার জন্য আনন্দের। জেমিও (ডে) কয়েক দিন আগে আমার সঙ্গে কথা বলেছেন। জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার হাতে নেই। আমি শুধু আমার কাজেই করে যেতে পারি। বাংলাদেশের হয়ে খেলার জন্য আমি প্রস্তুত। আমি খেলতে পারলে আশা করি বাংলাদেশকে গোল নিয়ে ভাবতে হবে না। অন্তত দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিপক্ষে নয়।
প্রশ্ন :
কিন্তু আপনার বয়স ৩১ হয়ে গেছে। অনেকেই মনে করেন আপনার আর তেমন কিছু দেওয়ার সামর্থ্য নেই...
কিংসলি: মেসি, রোনালদো, ইব্রাহিমোভিচদের কথা বাদই দিলাম। বিশ্বকাপ বাছাইপর্বে ৩৬ বছর বয়সী ভারতের সুনীল ছেত্রীকেই তো ঠেকাতে পারল না বাংলাদেশ! ৩০ বছর হয়ে গেলে বাংলাদেশেই শুধু বয়সের কথা ওঠে। মাঠে আমার খেলা দেখার পর সমর্থকেরা বয়স নিয়ে প্রশ্ন তুললে আমি সঙ্গে সঙ্গে খেলা থেকে অবসর নেব। কাউকে প্রশ্ন তোলার সুযোগ দেব না। আমি এখনো ৫ বছর নিজের সেরাটা দেওয়ার সামর্থ্য রাখি।
প্রশ্ন :
জাতীয় দলে খেললে তো জোনাথন ফার্নান্দেজ, রাউল বেসেরা, রবসন রবিনিওর মতো সতীর্থদের পাবেন না। স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারাটা কি সহজ হবে তখন?
কিংসলি: বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় থাকলেও তাঁদের আত্মবিশ্বাসের অভাব আছে। বসুন্ধরায় জাতীয় দলের অনেক খেলোয়াড়। অনুশীলন ম্যাচে জাতীয় দলের এক ফরোয়ার্ড গোল করার সুযোগ পেলেও আমাকে বা (রাউল) বেসেরাকে বল দিয়ে দেয়। আমি ওকে জিজ্ঞাসা করেছি, ‘তুমি নিজে কেন পোস্টে মারো না?’ সে বলে, ‘আমি মিস করলে অনেক কথা হবে। কিন্তু বিদেশিরা মিস করলে সমস্যা নেই।’ আসলে সমালোচনা করে তাঁদের আত্মবিশ্বাস নষ্ট করে ফেলা হয়েছে। আমি তাকে পরামর্শ দেওয়ার পরে সে এখন অনুশীলনে নিয়মিত গোল করছে, করাচ্ছেও। সতীর্থকে ভালো খেলার সুযোগ করে দেওয়াটাও একজন খেলোয়াড়ের দায়িত্ব।
প্রশ্ন :
এক দশক ধরে বাংলাদেশে আছেন। বর্তমান জাতীয় দলটাকে কেমন দেখছেন?
কিংসলি: ২০১১ সালে বাংলাদেশে আসার পর দেখা দলটা ছিল আসল জাতীয় দল। বর্তমান দলটা তারুণ্যনির্ভর। আপনাকে মানতেই হবে এমিলি (জাহিদ হাসান), এনামুল (হক), মিঠুনদের (চৌধুরী) জায়গা কেউ পূরণ করতে পারেনি। বর্তমান দলের বেশির ভাগ খেলোয়াড় তরুণ। তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে।