আমি গর্ভবতী নই: শারাপোভা
ইউএস ওপেনের শুরুটা দুর্দান্ত হয়েছে। হাঙ্গেরির ম্যালিঙ্গ সিঙ্ককে সরাসরি ৬-২, ৬-২ গেমে উড়িয়ে গতকাল দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন মারিয়া শারাপোভা। তবে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে চলমান আসরে নিজের প্রত্যাশা নিয়ে খুব একটা কথা বললেন না রাশিয়ার এই গ্ল্যামার গার্ল। মেয়েদের টেনিসে সাবেক এক নম্বর খেলোয়াড় কথা বললেন তাঁর ‘গর্ভবতী’ হওয়া নিয়ে যে গুঞ্জন চলছে, সেটা নিয়ে।‘আমি ভালো আছি, গর্ভবতী নই।’ সাংবাদিকদের বলেন শারাপোভা। ২৫ বছর বয়সী শারাপোভা এখনো বিয়ে করেননি। কবে করবেন, এমন ঘোষণাও দেননি। এর পরও গণমাধ্যমে জোর গুঞ্জন, শারাপোভা গর্ভবতী। আসছে নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন। তবে শারাপোভা নিজেই জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে যেসব গুঞ্জন চলছে, এর কোনোটাই সত্যি নয়।শারাপোভার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জনের সূত্রপাত এ মাসের গোড়ার দিকে। সেরেনা উইলিয়ামসের কাছে হেরে অলিম্পিক সোনা হাতছাড়া হওয়ার পর শারাপোভা জানান, তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। পেটের বেশ কিছু পরীক্ষাও করিয়েছিলেন। এরপর মন্ট্রিল কাপ ও সিনসিনাটি ওপেনে অংশ নেননি শারাপোভা। আর যায় কোথায়। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেয় গণমাধ্যম!ইউএস ওপেনে অংশ নিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন শারাপোভা। বললেন, ‘পেটে ভাইরাস সংক্রমণ হয়েছিল। কিছু পরীক্ষা করিয়েছিলাম। চিকিত্সকেরা আমাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। এ কারণে দেশে ফিরে গিয়েছিলাম।’বিয়ে করা নিয়ে যে গুঞ্জন চলছে, তা নিয়ে শারাপোভার বক্তব্য, ‘নভেম্বরে বিয়ে করছি না আমি। গুঞ্জনটা সত্যি নয়। লোকে যখন এসব কথা বিশ্বাস করে, আমার কাছে খুব অবাক লাগে।’ রয়টার্স।