আমি চাই জিতুক নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

চ্যাম্পিয়ন দলটা এখন আমাদের সামনেই। শুধু একটু নিশ্চিত হয়ে নিতে হবে, এই আরকি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলেরই যোগ্যতা আছে শীর্ষ দল হওয়ার এবং ফাইনালে দুর্দান্ত একটা লড়াই-ই আশা করতে পারে সবাই। বিশ্বকাপ জয়ের স্বাদ এর আগেও চারবার পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রেরণা প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
কল্পনায় দেখতে পাচ্ছি, ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি কানায় কানায় পূর্ণ। টুর্নামেন্টের সেরা দুই দল মুখোমুখি। অসাধারণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও ছিল দুর্দান্ত। যেকোনো একটিকে বেছে নেওয়া খুবই কঠিন, কারণ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুদলই খুব ভালো ক্রিকেট খেলে এখানে এসেছে।
এটা ঠিক যে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় আমি কিছুটা হতাশ। তবে তারা শ্রেয়তর দলের কাছেই হেরেছে। ভারত যদি আরও কাছাকাছি গিয়ে হারত, তাহলেই বোধ হয় বেশি খারাপ লাগত। কিন্তু ম্যাচটা সে রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো না।
ভারত ও দক্ষিণ আফ্রিকার তুলনায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দলে প্রতিভা বেশি। মেজাজে এবং দক্ষতায়ও তারাই এগিয়ে। নির্দিষ্ট দিনটিতে আপনি কেমন খেললেন, এক দিনের ক্রিকেটে সেটার ওপরই অনেক কিছু নির্ভর করে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খুব ভালোভাবে তা প্রমাণ করেছে। নিউজিল্যান্ডকে বিশ্বকাপের দল বললে ভুল হবে না। বিশ্বকাপের সহ-আয়োজকদের পারফরম্যান্সের গ্রাফ কেবলই ঊর্ধ্বমুখী হয়েছে। ঠিক সময়ে জ্বলে উঠে ওরা অস্ট্রেলিয়াকে কঠিন লড়াই দেবে বলেই মনে হয়। দলের প্রতিটি সদস্যই এবার কিছু না কিছু করে দেখিয়েছে। মাঠে তাদের দেখে মনে হয়েছে, হারানোর কিছু নেই! নিউজিল্যান্ড আমাকে শুধু মুগ্ধই করছে।
অসি দর্শকদের সামনে খেলাটা প্রেরণা হতে পারে ব্ল্যাক ক্যাপদের জন্য। তবে এটাও ঠিক, এবারের বিশ্বকাপে ফাইনালের আগে অস্ট্রেলিয়ায় কোনো ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। দেশের বাইরে খেলার চাপটা নিতে হবে ফাইনালেই। তার ওপর নিউজিল্যান্ডের মাঠগুলোর তুলনায় ফাইনালের মাঠ অনেক বড়। এর সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে দলটার জন্য। অস্ট্রেলিয়ার অবশ্য এসব নিয়ে চিন্তা নেই। প্রমাণ করার সব ভারই নিউজিল্যান্ডের ওপর।
বিশ্বকাপে এ পর্যন্ত সব ম্যাচের নিয়ন্ত্রণই নিউজিল্যান্ড নিয়েছে প্রথম বল থেকে। তবে এবার হয়তো তারা ভিন্ন পরিস্থিতিতে পড়বে। এখানে বোলারদের সেরা লেংথে বল করতে হবে, অন্যদিকে তাদের ব্যাটসম্যানদের জন্যও মাঠ ছাড়ানো শট খেলা অত সহজ হবে না। শট নির্বাচন হতে হবে নিখুঁত।
যথারীতি প্রথম ১০ ওভার হবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের জন্য। তারা নিশ্চয়ই দুর্দান্ত একটা শুরুই আশা করছে ব্রেন্ডন ম্যাককালামের কাছে। একই সঙ্গে সিম বোলারদের ওপরও অনেক আশা তাদের। আমি নিশ্চিত, এমসিজিতে তাদের বল ভালোই নড়াচড়া করবে। অবশ্য উইকেট নিষ্প্রাণ হলে অস্ট্রেলিয়ার সুবিধা অনেক বেড়ে যাবে। কারণ, কবজিতে জোরওয়ালা ব্যাটসম্যান আছে তাদের, এমসিজিতে যেটা খুব প্রয়োজন। আবার উইকেটে বাউন্স থাকলেও সুবিধা বেশি পাবে অস্ট্রেলিয়ানরাই।
মাইকেল ক্লার্ক এবং ড্যানিয়েল ভেট্টোরির এটা বিদায়ী ম্যাচ। এই বয়সেও যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা, তাতে নিউজিল্যান্ড দলের প্রতি ভেট্টোরির নিবেদনটাই প্রকাশ পায়। আমার কাছে সে কিংবদন্তি। ক্লার্কের ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্তে আমি অবাক হইনি। ফিটনেস এবং চোটের সমস্যা আছে ওর। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সে যা দিয়েছে, এককথায় অসাধারণ।
ফাইনালের জন্য দারুণভাবে তেতে আছে অস্ট্রেলিয়া। তার পরও আমি চাই নিউজিল্যান্ড জিতুক। যদিও তাদের সম্ভাবনা দেখছি ৪৫-৫৫। অবশ্য ফাইনালটা নিউজিল্যান্ডে হলে স্বাগতিক দলের ৭০ ভাগ সম্ভাবনা দেখতাম আমি, অস্ট্রেলিয়ার ৩০ ভাগ। (পিচ সলিউশন