আমি ছিলাম বোল্ট, ফেল্প্সের সময়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টের মুখে ‘এটাই আমার শেষ অলিম্পিক’ শুনতে শুনতে মনে হলো, আর একটি অলিম্পিক করলেই তো তাহলে তাঁকে হারিয়ে দিতে পারব! দৌড়ে হারানো সম্ভব নয়। এই পৃথিবীতেই কেউ তা পারে না। তবে বোল্টের চেয়ে একটা অলিম্পিক বেশি করা তো খুবই সম্ভব। চার বছর পর টোকিওতে গেলেই হবে।

অলিম্পিকে অংশ নেওয়া আর সাংবাদিক হিসেবে অলিম্পিক কাভার করা যে এক নয়, প্লিজ এটা বোঝাতে আসবেন না। আমি তা জানি। সেখানেও কতটা পিছিয়ে, জানা আছে সেটাও। লন্ডন অলিম্পিকের সময় ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা এআইপিএস কমপক্ষে ১০টি অলিম্পিক কাভার করেছেন, এমন সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছিল। সংখ্যাটা ছিল ‌‘মাত্র’ ১১৪। হিসাবটা অবশ্য গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক মিলিয়ে। শীতকালীন অলিম্পিক কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে চলে যায়, আমরা তার খবরই রাখি না। গুস্তাফ শোনেক নামে এক জার্মান সাংবাদিককেও মনে হয়েছিল আমাদের দলেই। লন্ডন ২০১২ ছিল তাঁর ১৫তম অলিম্পিক। সব কটিই গ্রীষ্মকালীন। হিসাব করে দেখেছিলাম, তাঁর প্রথম অলিম্পিক সেই ১৯৫৬ মেলবোর্নে। দুই অলিম্পিক মিলিয়ে তালিকার শীর্ষে ছিলেন সুইডেনের অ্যান্ডার্স অ্যান্ডারসন (২৪টি)। তবে শুধু গ্রীষ্মকালীন অলিম্পিক ধরলে তাঁর মতো ১৩তম অলিম্পিক কাভার করছিলেন আরও তিনজন। তাঁদের মধ্যে দুজনের সঙ্গে দেখাও হয়েছিল। তবে এমপিসিতে কম যাওয়া হয়েছে বলেই হয়তো এবার কাউকেই দেখিনি। লন্ডন অলিম্পিকের সময়ই গুস্তাফ শোনেকের বয়স ৮৯, ভদ্রলোক বেঁচে আছেন কি না, তা-ই বা কে জানে!

অলিম্পিক কাভার করার সংখ্যায় তাঁদের প্রতিদ্বন্দ্বী হতে পারব না, তবে একটা ব্যাপারে গর্ব তো করতেই পারি। আর যদি কোনো অলিম্পিকে না-ও আসা হয়, গর্ব করে বলতে পারব, ‘আমি ছিলাম বোল্ট-ফেল্‌প্‌সের সময়ে।’ বোল্টের শুরু আর শেষের সঙ্গে মিলে গেছে আমারও শুরু আর শেষ। এথেন্সে যে বোল্ট ছিলেন, এটা অবশ্য সেবার টেরই পাইনি। বেইজিংয়ে ঝড় তোলার পর জানলাম, বোল্ট এথেন্সেও ছিলেন। দৌড়েছিলেন শুধু ২০০ মিটার। সেটির হিটেই বাদ।

ফেল্‌প্‌সের শুরু অবশ্য আরও এক অলিম্পিক আগে। সিডনির ফেল্‌প্‌স এথেন্সের বোল্টের মতোই। না, ভুল বললাম। বোল্টের চেয়ে একটু ভালো। একটা ইভেন্টেই সাঁতরেছিলেন। তবে ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে ওঠাটাও পনেরো বছরের একটা ছেলের জন্য কম কথা নয়। সেটিতে হয়েছিলেন পঞ্চম। ১৫০ মিটার শেষেও সবার শেষে ছিলেন। শেষ ৫০ মিটারে অবিশ্বাস্য সাঁতরে ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতের। মোট ২৮টি পদক, যার ২৩টিই সোনা—এই ‌‘ভবিষ্যৎ’ অবশ্যই না। এমন কিছু তো কারও কল্পনাতেও ছিল না।

এথেন্সে প্রথম স্বরূপে দেখা দিলেন ফেল্‌প্‌স, বোল্ট বেইজিংয়ে। পরের তিনটি অলিম্পিক শেষে সন্দেহাতীতভাবে একজন সর্বকালের সেরা সাঁতারু, অন্যজন সর্বকালের সেরা স্প্রিন্টার। সর্বকালের সেরা অলিম্পিয়ানের স্বীকৃতি পাওয়ার লড়াইটাও এখন দুজনের মধ্যেই সীমাবদ্ধ। আপনিই বলুন, অলিম্পিকে এই দুজনের প্রায় সব কীর্তিই নিজের চোখে দেখাটা কি গর্ব করার মতো ব্যাপার না!

‘প্রায়’ শব্দটা লিখলাম ফেল্‌প্‌সের সব কটি পদক জয়ের সময় পুলের পাশে ছিলাম না বলে। বোল্টের সবই দেখেছি। শুধু একটা রিলে বোধ হয় বাদ পড়ে থাকবে। সেই বেইজিং থেকে শুরু করে এই রিওতে বোল্টের সব সংবাদ সম্মেলনেও ছিলাম। মানুষ বোল্টের ব্যক্তিত্বের বিবর্তনটাও তাই স্পষ্ট বুঝতে পারি।

বেইজিংয়ের বোল্টকেই বেশি ভালো লাগে। বয়স তখন মাত্র ২২, মন যা চায় তা-ই করার বাঁধনহীন তারুণ্য। ১০০ মিটার স্প্রিন্টের এক-পঞ্চমাংশের বেশি বাকি থাকতেই বুক চাপড়ে শুরু করে দেওয়া ওই উদ্‌যাপন, পরে ট্রেডমার্ক হয়ে যাওয়া দুই হাত দিয়ে তির ছোঁড়ার ভঙ্গি—সবকিছুই তো তখন নতুন। অপ্রত্যাশিত, একই সঙ্গে অভূতপূর্বও। এমন কিছু এর আগে কেউ দেখেছেন বলে আসলেই বিশ্বাস হতে চায় না। ১০০ মিটারের পর ২০০ মিটারেও বিশ্ব রেকর্ড—বেইজিংয়ের বোল্ট আবির্ভূত হয়েছিলেন রীতিমতো বিস্ময় হয়ে। পরে সেই বিস্ময়ে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে, তবে প্রথম চমকটা তো শুধু প্রথমবারেই পাওয়া যায়।

এতগুলো সংবাদ সম্মেলনের মধ্যে বেইজিংয়েরটাই যে সবার আগে মনে পড়ে, এটাও কি এ কারণেই? সংবাদ সম্মেলনকক্ষ আক্ষরিক অর্থেই ছিল জনাকীর্ণ। চেয়ার তো খালি ছিলই না, দাঁড়ানোর জায়গা পাওয়াও ছিল কঠিন। মনে আছে, পেছন থেকে ঠেলা-ধাক্কা আর দুপাশ থেকে কনুইয়ের গুতো খেতে খেতে কী কষ্টেই না নোট নিয়েছিলাম! অন্য যেকোনো অ্যাথলেটের তুলনায় বোল্টের সংবাদ সম্মেলনে এখনো অনেক বেশি সাংবাদিক থাকে। তবে অমন ভিড় এরপর আর কখনো দেখিনি।

রিওতে ২০০ মিটার জয়ের পর সংবাদ সম্মেলনে অবশ্য নতুন একটা ব্যাপার হলো। বোল্টরা আসার আগে মঞ্চে পদকজয়ীদের পাশে বসে সঞ্চালকের কাজ করা আইওসির মিডিয়া কর্মকর্তা সাংবাদিকদের বললেন, ‌‘চলুন, বোল্টের সঙ্গে একটু মজা করা যাক। ওরা আসার পর বোল্টকে কেউ প্রশ্ন করবেন না। রুপাজয়ী গ্রাসকে দুটি প্রশ্ন করবেন, ব্রোঞ্জজয়ী লেমাত্রেকে দুটি। এরপর আমি যখন বলব, আর কোনো প্রশ্ন আছে কি না, কেউ কথা বলবেন না। দেখি, বোল্ট কী করে!’

পাণ্ডুলিপিমতোই এগোচ্ছিল নাটকটা। বোল্টের সংবাদ সম্মেলনে বাকি সবাই যেখানে প্রায় অদৃশ্য হয়ে থাকে, সেখানে প্রথম দুটি প্রশ্নই অন্য দুজনকে দেখে বোল্টের অবাক ভাবটা পরিষ্কার চোখে পড়ল। পরের প্রশ্নটা শুরু হতেই নড়েচড়ে বসলেন। সেটিও গ্রাসকে করা হয়েছে দেখে একটু বিব্রত হাসি দিলেন। খেলাটা নষ্ট করে দিলেন বেরসিক এক সাংবাদিক। সম্ভবত ইংরেজি জানেন না বলে ওই দুষ্টু পরিকল্পনার কিছুই বুঝতে পারেননি। তিনি তাঁর নিজের ভাষায় একটা প্রশ্ন করে বসলেন বোল্টকে। স্বাভাবিকতা ফিরে আসতে দেখে বোল্টের চোখেমুখেও স্বস্তি ফিরে এল। পরে শুরুর ঘটনা বুঝিয়ে বলার পর হেসে বললেন, ‘আরে, আমাকে কোনো প্রশ্ন না করলে তো আমি খুশি।’

এতক্ষণ দেখে যদিও মোটেও তা মনে হয়নি। লাইমলাইটে থাকতে ভালোবাসেন, সেটি পেতে অভ্যস্তও হয়ে গেছেন। হঠাৎ তা সরে গেলে অস্বস্তি তো হবেই।

বোল্ট আর ফেল্‌প্‌স মিলে ৩১টি সোনার পদক, সংখ্যাটা এরই মধ্যে আরও ‘এক’ বেড়েও গেছে হয়তো। আমার গলায় বাকি সবার চোখে অদৃশ্য পদকটা শুধু আমিই দেখতে পাচ্ছি। আমি ছিলাম বোল্ট-ফেল্‌প্‌সের সময়ে!