আমি জাদুকর নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ফুটবল আলো দেখতে চায়। সেই আলোর সন্ধান ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোজয়ী ডিফেন্ডার লরাঁ ব্লাঁ-ই দিতে পারেন বলে বিশ্বাস ফরাসিদের। কিন্তু ফ্রান্সের নতুন কোচ বললেন তিনি জাদুকর নন যে, জাদুর কাঠির ছোঁয়ায় ফ্রান্স ফুটবল দলকে মুহূর্তেই বদলে দেবেন! সাম্প্রতিক ভজকট অবস্থাকে পেছনে ফেলে সোনালি দিনের দিকে এগিয়ে যেতে হলে বদলটা অনেক গভীর থেকেই হতে হবে বলে মনে করেন ব্লাঁ। কথাগুলো ব্লাঁ বলেছেন ফরাসি দৈনিক লেকিপ ও লা প্যারিসিয়েনকে। কোচ হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনো সাক্ষাৎকার দিলেন তিনি এবং সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সব প্রশ্নের উত্তর তাঁর কাছে না থাকলেও তিনি বলেছেন ফ্রান্স ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করবেন, ‘আমি জাদুকর নই। তবে হ্যাঁ, আমরা যদি হারানো গৌরব ফিরে পেতে চাই, তাহলে আমাদের অনেক কিছুই বদলাতে হবে। ১০ বছর ধরে দল নির্বাচনের যে প্রক্রিয়া, তাতে পরিবর্তন আনতে হবে।’গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সময় ধরে ফ্রান্সের কোচ ছিলেন রেমন্ড ডমেনেখ। ২০০৪ থেকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্স দলের দায়িত্ব ছিল তাঁর ওপর। ব্লাঁ হয়তো এই ৬টি বছরকেই বড় করে দেখেছেন। আগামী সেপ্টেম্বরে ২০১২ ইউরো বাছাইপর্বের অগ্নিপরীক্ষায় নামার আগে ব্লাঁ আর কী পরিবর্তন আনতে চান? শুনুন তাঁর কণ্ঠেই, ‘আমি মৌলিক বিষয়গুলোয় গুরুত্ব দেব। এই যেমন খেলোয়াড়ি চেতনা, আচরণ এবং জার্সির প্রতি শ্রদ্ধাবোধ। এগুলো গুরুত্বপূর্ণ। যাদের এই গুণগুলো নেই বা যারা এটা চায় না, তাদের দরকার নেই।’ফ্রান্স দলের দায়িত্ব নেওয়ার পর ব্লাঁ প্রথম যে কাজটি করেছেন, সেটি বিশ্বকাপ দলের ২৩ জনকে আগামী ১১ আগস্ট নরওয়ের সঙ্গে প্রীতি ম্যাচের দলে না নেওয়ার সিদ্ধান্ত। এই ২৩ জনের একজন থিয়েরি অঁরি অবসর নিয়ে নিয়েছেন। বাকি ২২ জনের মধ্যে কি ওই গুণগুলো নেই? উত্তরটা একটু অন্যভাবে দিলেন ব্লাঁ, ‘বিশ্বকাপের সময় আমি খুব দুঃখ নিয়ে টেলিভিশনে সবকিছু দেখেছি। আর দশজন ফরাসির মতো আমিও খুব কষ্ট পেয়েছি। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এটা তো আমি ভুলে যেতে পারি না!’দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স। এই বিশ্বকাপেই ফ্রান্স দলে ঘটেছে খেলোয়াড় বিদ্রোহের মতো কলঙ্কজনক ঘটনা। কোচ ডমেনেখের সঙ্গে নিকোলাস আনেলকার ঝামেলা হয়েছিল। চেলসি স্ট্রাইকারকে দল থেকে বেরও করে দেন কোচ। এর প্রতিবাদে খেলোয়াড়েরা অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।বিশ্বকাপ শেষে ডমেনেখকে বরখাস্ত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। দায়িত্ব দেওয়া হয়েছে ব্লাঁকে। তবে এই দায়িত্বটা তিনি পেয়েছেন দুই বছরের জন্য। ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরের কথা ভাববেন ব্লাঁ, ‘অন্যরা যেমন চার বছরের জন্য চুক্তি করে, সেটা আমি করিনি। আমি করেছি দুই বছরের চুক্তি। যদি ইউরোর মূল পর্বে যাই এবং ভালো করি, তাহলে দুই বছরের জন্য চুক্তি নবায়নের আলোচনা করতে পারব। ফল দিয়েই আমার মূল্যায়ন হবে। ব্যর্থ হলে চাকরিটা চালিয়ে যাওয়ার লোক আমি নই। আর যদি কর্তৃত্ব নিয়ে কাজ করতে না পারি তাহলে ফেডারেশনের কাছে গিয়ে বলব—আমি যাচ্ছি।’ ওয়েবসাইট।