আমি দায় নেব না: মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জিতলেও এবারের মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লিগে ১৫ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা জয়ের স্বপ্নটা ক্রমশই ফিকে হয়ে আসছে মরিনহোর শিষ্যদের। আর গতকাল কোপা ডেল রের একটি ম্যাচে সেল্টা ডে ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে ইউরোপের অন্যতম সেরা এই দল। স্বাভাবিকভাবেই এখন ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। তবে দলের এই ব্যর্থতার জন্য কোনোভাবেই তাঁকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেছেন ‘স্পেশাল ওয়ান’।গতকাল নিচের সারির ক্লাব সেল্টা ভিগোর বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৮৬ মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলা শেষে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। শিষ্যদের এই বাজে পারফরম্যান্সের পর চরম হতাশা প্রকাশ করেছেন হোসে মরিনহো। তিনি বলেছেন, ‘মানুষ সব সময়ই নিজের মতামত জানায় এবং কোচের সমালোচনা করার অধিকার তাদের আছে। কিন্তু সব সময় কোচের ঘাড়েই সব দায়দায়িত্ব চাপানো যায় না। কিছু খেলোয়াড় আমাকে চরমভাবে হতাশ করেছে। কিন্তু এখন আমি তাদের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করব, এমনটা আপনি আশা করতে পারেন না।’আগামী রোববার স্প্যানিশ লিগের খেলায় এসপানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। হয়তো এই ম্যাচ থেকেই আবার জয়ের ধারায় ফিরতে চাইবেন মরিনহো। গোল ডটকম।