আমি নিজে অন্তত সন্তুষ্ট
খেলব কি খেলব না করতে করতে খেলেই ফেললাম ম্যাচটা। প্রায় সাড়ে চার মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মনের মধ্যে তো জড়তা ছিলই। খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সেই জড়তা আরও বেড়েছে। তবে শেষ পর্যন্ত ঠিক করলাম, খেলতে যখন হবেই খেলার মতো খেলব। আমার মনে হয়, শেষ পর্যন্ত খারাপ করিনি। অন্যরা কী বলবেন জানি না, তবে যে অবস্থায় খেলেছি, অন্তত নিজের কাছে নিজের প্রত্যাশা মিটেছে।নিজেকে অনেকভাবে বুঝিয়েছি ম্যাচ খেলতে নামার আগে। অপারেশন করলে তো একই অপারেশন করতে হবে আবার। সমস্যা হলে হোক—এই বলে সাহস দিয়েছি মনকে। ইনিংসের দ্বিতীয় ওভারে যখন প্রথম বলটা করতে শুরু করি, আমি তখনো জানতাম আমার হারানোর কিছু নেই। এটা চিন্তা করেই খেলেছি পুরো ম্যাচ। আমি জানি, আমি কী অবস্থায় খেলছি, জানি সবচেয়ে খারাপ কী হতে পারে।অনেক দিন পর খেলায় ফিরলেও আমার অভিজ্ঞতা আমার সঙ্গে ছিল। চেষ্টা করেছি সেটা কাজে লাগানোর। আবহাওয়া গরম থাকায় শেষ দিকে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বল যেটা করতে চাচ্ছিলাম হচ্ছিল না। ইয়র্কার করতে গিয়ে ফুল টস হয়ে গেছে। স্লোয়ার ডেলিভারি দিতে গিয়ে শর্ট বল হয়ে গেছে, যেটা ক্লার্ক মেরে দিল। তার পরও সব মিলিয়ে নিজের কাছ থেকে যেটা চেয়েছিলাম, তার চেয়ে মনে হয় না খুব খারাপ করেছি। তবে তিনটা ওভার খারাপ হয়েছে। ওই তিন ওভারেই রান নিয়েছে ওরা। ওই সময় ভাগ্যও আমার সহায় ছিল না। অন্য সময় সব খারাপ বলেই চার-ছয় হয় না। এদিন হয়ে গেছে।আমার ধারণা, বোলিংয়ের সময় সবাই-ই বুঝতে পেরেছে আমার রানআপে সমস্যা হচ্ছে। আমিও মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছিলাম। অবচেতনে কাজ করছিল ভয়। তার পরও এত দিন পর বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নেমেই ব্রেক থ্রু দিতে পারায় ভালো লেগেছে। যদিও সেটা ধরে রাখতে পারিনি। পরের দিকে স্পিনাররা ভালো বল করলেও আমি আর শফিউল অস্ট্রেলিয়ার ওপর চাপটা ধরে রাখতে পারিনি। এটা দরকার ছিল। তাহলে হয়তো ওরা ২৫০-এর ভেতর থাকত।প্রথম উইকেটটা পাওয়ার পর ভালো লাগলেও মনে হয়েছে, আমি তো এর চেয়েও ভালো বল করতে পারি। বোল্ড করেছি ঠিক আছে, কিন্তু আমি আরও অনেক ভালো বোলার। মনের ভেতর জড়তা নিয়েও যেটুকু করেছি, একেবারে খারাপ না। দু-তিনটা ওভার খারাপ হয়েছে। ওটা না হলে আরও ভালো হবে।এ ম্যাচে আমার টার্গেটই ছিল লাইন-লেংথ ঠিক রেখে বল করব। আমি জানতাম, আমার পেস কম। আসল পেস পাচ্ছি না। যেসব বলে মার খেয়েছি কম পেসের কারণেই খেয়েছি। পন্টিং যে দুটি চার মেরেছে কখনোই বলতে পারবেন না অত খারাপ বল হয়েছে ওগুলো। খুব বেশি পেস ছিল না বলেই ও এত তাড়াতাড়ি শট খেলতে পেরেছে।পেস কম থাকলেও আমি আগেও বলেছি আমার আগের বোলিং আর এই বোলিংয়ে আকাশ-পাতাল পার্থক্য নেই। প্র্যাকটিস না করাতে আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম—এটাই সমস্যা ছিল। প্রথম ম্যাচ খেলতে নেমে চেষ্টা করেছি ওই জিনিসটা ভুলে থাকতে। সম্ভবত পেরেছিও কিছুটা।জানি না পরের ম্যাচে খেলব কি না, তবে আমি নিজেকে প্রস্তুত রাখব। কারণ আমি জানি, যত ম্যাচ খেলব ততই জড়তা কমে আসবে। নিজেকে আরও বেশি করে ফিরে পাব।