আমি নির্দোষ, কোনো ভুল করিনি: শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন শ্রীশান্ত। ‘কঠিন সময়’ পেরিয়ে দ্রুত ফিরে আসবেন বলেও জানিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ভারতীয় ক্রিকেটার।বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শ্রীশান্ত দাবি করেন, কোনো ভুল করেননি তিনি। অবশ্য গত শুক্রবার দিল্লি পুলিশ দাবি করেছিল, পুলিশি জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই দোষ স্বীকার করে নিয়েছিলেন শ্রীশান্ত। জিজ্ঞাসাবাদের সময় নাকি কান্নায় ভেঙে পড়েছিলেন ৩০ বছর বয়সী এই পেসার।বিবৃতিতে শ্রীশান্ত বলেন, ‘আমি নির্দোষ, কোনো ভুল করিনি। আমি কখনোই স্পট ফিক্সিংয়ে জড়াইনি। স্বীকার করছি, জীবনের কঠিন সময় অতিক্রম করছি আমি।’স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করেন আদালত।বিচারিক প্রক্রিয়ায় পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে বিবৃতিতে শ্রীশান্ত বলেন, ‘বিচারক প্রক্রিয়ার ওপর পুরোপুরি আস্থা রয়েছে আমার। আমি আত্মবিশ্বাসী, সময় হলে সত্য বেরিয়ে আসবে। নিজেকে নির্দোষ প্রমাণ করে আত্মমর্যাদার সঙ্গেই বেরিয়ে আসব আমি।’দিল্লি পুলিশের দাবি, তিন ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার ফোন রেকর্ড তাদের কাছে রয়েছে। শ্রীশান্তের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, ৯ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেন তিনি। এক ওভারে ১৪ বা এর বেশি রান দেওয়ার জন্য তাঁকে ৪০ লাখ রুপি দেওয়ার কথা ছিল জুয়াড়িদের। ঠিক হয়েছিল, নিজের দ্বিতীয় ওভার করার আগে ট্রাউজারের ওপর তোয়ালে রাখবেন শ্রীশান্ত। এরপর ওভারটা শেষ করতে বাড়তি সময় নেবেন, যাতে জুয়াড়িরা যথেষ্ট আয়ের ব্যবস্থা করতে পারে। সত্যি দেখা গেছে, ওভারের আগে তোয়ালে চেয়েছেন শ্রীশান্ত, এরপর স্ট্রেচিং করাসহ গা গরমে অনেকটা সময় নিয়েছেন। জুয়াড়ি জিজু তখন ফোনে আরেক জুয়াড়িকে বলছিলেন, ওভারে ১৪ বা এর বেশি রান দেবেন শ্রীশান্ত। কিন্তু তিনটি বাউন্ডারি হজম করার পরও ওভার থেকে আসে মাত্র ১৩ রান। তবে এর পরও ওই ওভার থেকে কোটি কোটি টাকা আয় হয় জুয়াড়িদের। এই জিজুর সঙ্গে একসময় ক্লাব পর্যায়ে খেলেছেন শ্রীশান্ত। জুয়াড়িদের সঙ্গে শ্রীশান্তের যোগসূত্রও জিজু।