আমি পুরোপুরি ফিট: যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের দ্রুত উন্নতি হচ্ছে। লক্ষ্য, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুবরাজ সিং কথাগুলো জানিয়েছিলেন আগেই। আজ শনিবার জানালেন, এখন পুরোপুরি ফিট তিনি।‘আমি পুরোপুরি ফিট ফিট। আশা করছি, টি-টোয়েন্টি বিশ্বকাপেই দলের হয়ে খেলতে পারব। দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ’—বলেছেন যুবরাজ।যুবরাজ-ভক্তদের জন্য সুখবর আরও আছে। অর্জুনা পদকের জন্য তাঁর নাম মনোনীত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার এই পদক দিয়ে থাকে। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে উচ্ছ্বসিত যুবরাজ বলেছেন, ‘এই মনোনয়ন আমার কাছে সম্মানের। আমার নাম এর আগেও একবার মনোনীত করেছিল বোর্ড। আশা করছি, এবার এটা পেয়ে যাব।’বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়া চলছে যুবরাজের। এর অংশ হিসেবে গত মাসের শেষের দিকে প্রথমবারের মতো কিছুক্ষণ ব্যাট করেন ভারতীয় এই অলরাউন্ডার। সেদিন সাংবাদিকদের যুবরাজ বলেন, ‘বেশ ভালো বোধ করছি। আমি নিশ্চিত, ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠব। আমার লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আশা করছি, এর আগেই মাঠে ফিরতে পারব।’যুবরাজকে আশার বাণী শুনিয়েছেন দলের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তও। গত বুধবার বার্তা সংস্থা পিটিআইকে শ্রীকান্ত বলেন, ‘এনসিএতে যুবরাজের অনুশীলন আমাদের কাছে বেশ খুশির খবর। আমি মনে করি, যে ছেলেটা আমাদের জন্য বিশ্বকাপ জয় করেছে, দলে ফেরাটা ওর প্রাপ্য। আমি নিশ্চিত, যুবরাজ ফিরে আসবে। টি-টোয়েন্টি বিশ্বকাপেই ওকে দেখার অপেক্ষায় আছি আমরা।’গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস পরই তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট, অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা।যুবরাজ জানিয়েছেন, বিশ্বকাপ চলার সময়ই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর। বিশ্বকাপ শুরুর আগেই ফিজিওকে নিজের শারীরিক অবস্থার কথা অবহিত করেছিলেন তিনি।যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মার্চ মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিত্সকের পরামর্শে বেশ কিছুদিন লন্ডনে ছিলেন তিনি। যুবরাজ দেশে ফেরেন গত ৯ এপ্রিল।