আমি প্রতারক নই, বললেন প্লেসিস

আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তিও হয়েছে ডু প্লেসিসের। জরিমানা গুনতে হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। ৫ রান জরিমানার শাস্তি পায় তাঁর দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষ থেকে শুরু থেকে বলা হচ্ছিল, কাজটি ইচ্ছাকৃতভাবে করেননি প্লেসিস, দক্ষিণ আফ্রিকানরা প্রতারক নন। এবার অভিযুক্ত প্লেসিসও নিজেকে দাবি করলেন ‘কলুষমুক্ত’।
ক্রিকেট মাঠে অনেক দলই নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে বল ঘষেমেজে রাখার দায়িত্ব দেয়। ফিল্ডিংয়ের সময় বল ঘষেমেজে উজ্জ্বল রাখা কিংবা একদিকের ঔজ্জ্বল্য নষ্ট করাই তাঁদের কাজ। দলের পেসাররা যেন সুইংটা কাজে লাগাতে পারেন, এটা মাথায় রেখেই ঘষামাজা করা হয়। সেটা করতে গিয়েই ‘বাড়াবাড়ি’ করে ফেলেন প্লেসিস। ট্রাউজারের পকেটের জিপার দিয়ে বলে ঘষা দিয়ে তিনি এখন বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত।
অভিযোগ ওঠার পরই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডি ভিলিয়ার্স দাবি করেছিলেন, প্লেসিস ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় করেননি। দলের নির্দেশনায় ঘষামাজা করতে গিয়েই এমনটা হয়েছে। দক্ষিণ আফ্রিকান ক্রীড়া ওয়েবসাইটের লেখা কলামেও একই দাবি করেছেন প্লেসিস, ‘আইসিসির নিয়মকানুন মেনেই মাঠে বলের ওপর ঘষামাজা চলে। এর ফলে বোলারদের বল গ্রিপ করতে সুবিধা হয়। আমার কাজ ছিল বল যতটা সম্ভব শুষ্ক রাখা। স্বীকার করছি, ট্রাউজারের পকেটের জিপারের খুব কাছাকাছি বল ঘষামাজা করছিলাম আমি। সম্ভবত থার্ড আম্পায়ার সেটাই টেলিভিশনে দেখেছেন। কিন্তু মাঠের আম্পায়াররা পরীক্ষা-নিরীক্ষা করে খারাপ কিছু খুঁজে পাননি। বলের আকার ঠিক ছিল, কোনো ধরনের পরিবর্তন হয়নি। এমনকি বল অতিরিক্ত বাউন্সও করছিল না। আর এ কারণেই আমাকে অল্প শাস্তি দেওয়া হয়েছে।’
নিজে ‘ভালো মানুষ’ দাবি করে প্লেসিস বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গর্বিত মনে করি আমি। আর এ কারণেই গত কয়েকটা দিন আমার জন্য কঠিন ছিল। লোকে আমাকে প্রতারকদের সঙ্গে তুলনা করছিল। কিন্তু আমি এমন মানুষ নই। এ ধরনের কাজ আমার পক্ষে করা সম্ভব নয়।’
বল টেম্পারিংয়ের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির শতভাগ জরিমানা এবং একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। এদিক থেকে অল্পতেই পার পেয়ে গেছেন প্লেসিস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য শাস্তিটা মেনে নিতে পারেনি। পিসিবির দাবি, শাস্তিটা আরও বেশি হওয়া উচিত ছিল প্লেসিসের। গুরু পাপে কেন লঘু দণ্ড দেওয়া হয়েছে, এ ব্যাপারে আইসিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে পিসিবি। সূত্র: ক্রিকইনফো।