আমি ফিরে আসব: আমির
বয়স মাত্র ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন দেড় বছর ধরে। এই অল্প দিনেই মোহাম্মদ আমির হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। নতুন ‘ওয়াসিম আকরাম’ বলেও পরিচিতি পেয়ে গেছেন তিনি। অথচ সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক! লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ তিনি। তবে হাল না ছেড়ে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন আমির।খারাপ একটা খবর শুনতে হবে—মাসিকভাবে নিজেকে প্রস্তুতই রেখেছিলেন আমির। তার পরও শনিবার রাতে আইসিসির নিষেধাজ্ঞার রায় শুনে নিজেকে সামলাতে পারেননি। কেঁদে ফেলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে। আমিও আমার সর্বস্ব দিয়েছি। খেলতে না পারলে আমার কিছুই থাকবে না। ক্রিকেটের জন্য পড়াশুনা ছেড়েছি। এর বাইরে আমার কিছু নেই!’ক্যারিয়ারের শুরুতেই ধাক্কা। খেলতে পারবেন না পাঁচ বছর। অন্যরা আর কী দেবেন, নিজেকেই যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন আমির, ‘ক্রিকেট যাঁর প্রাণ, এ সিদ্ধান্ত তাঁকে ধ্বংস করে দেওয়ার মতো। কাউকে আশাহীন করা উচিত নয়। কারণ আল্লাহ একটি পথ বন্ধ করলে শত পথ খুলে দেন। হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল।’আমিরের কথা শুনে ভুল বুঝবেন না। ক্রিকেট ছেড়ে অন্য কোনো পথ খুঁজে নেওয়ার ইঙ্গিত দেননি এই ফাস্ট বোলার। বরং জানিয়ে দিয়েছেন, আবারও প্রাণের খেলায় ফিরবেন তিনি। ‘ব্যবসায় লাভ-ক্ষতি দুটিই থাকবে। ক্ষতি হলেই কেউ ব্যবসা গুটিয়ে নেয় না। আমি দ্বিগুণ পরিশ্রম করব। পাকিস্তানে অনেক মাঠ আছে। আমি অনুশীলন বন্ধ রাখব না। নিজেকে ফিট রাখব, আমি ফিরে আসব’, দৃঢ় প্রত্যয় আমিরের। ক্রিকইনফো।