আমি বিশ্বাসঘাতক নই: তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি ৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে লিভারপুল থেকে চেলসিতে নাম লিখিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। আর মজার ব্যাপার হলো চেলসির জার্সি গায়ে তোরেসের অভিষেকটা হতে যাচ্ছে সদ্য ছেড়ে আসা লিভারপুলের বিপক্ষেই। দলবদলের সময় শেষ হওয়ার মাত্র এক-দুই ঘণ্টা আগে তোরেসের এ ঠিকানা পরিবর্তনের নাটকীয়তায় উত্তেজিত হয়ে পড়েছিলেন লিভারপুল সমর্থকেরা। বিভিন্ন জায়গায় তোরেসের ছবি-জার্সি পোড়ানোর ঘটনাও ঘটে গেছে। এমনকি অল রেড কোচ কেনি ডালগ্লিসও তোরেসের দল পরিবর্তনের পর নিজের হতাশা চেপে রাখতে পারেননি। তবে, তোরেস এ ব্যাপারগুলো একদমই মাথায় রাখতে চাচ্ছেন না। তাঁকে লিভারপুলের সমর্থকেরা ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করলেও লিভারপুলের সঙ্গে কখনোই তিনি বিশ্বাসঘাতকতা করেননি বলে জানিয়েছেন তোরেস।নানাবিধ সমালোচনার পরিপ্রেক্ষিতে দলবদলের পর গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোরেস বলেছেন, ‘আমার মনে হয়, এটা খুবই অন্যায়। এ সমালোচনাগুলো কোনো অর্থ বহন করে না। আমি লিভারপুলের হয়ে তিনটা মৌসুম খেলেছি। অনেক গোলও করেছি। কিন্তু আমাকেও তো আমার ক্যারিয়ারের কথা ভাবতে হবে। সবাইকেই সামনের দিকে তাকাতে হবে। আমি চেলসির ভবিষ্যত্ পরিকল্পনা, লক্ষ্য সম্পর্কে খুব ভালোমতোই জানি। আর আমিও এগুলো অর্জন করতে চাই। আমি প্রিমিয়ার লিগে চেলসিকে একটা প্রথম সারির ক্লাব হিসেবে দেখতে চাই। যেখানে আমরা ম্যান ইউ আর ম্যান সিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারব। এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে শিরোপার লড়াইয়ে যেতে পারব।’কিন্তু তোরেস যতই যুক্তি দেন না কেন, আগামীকালের ম্যাচে লিভারপুল সমর্থকদের কাছ থেকে অনেক দুয়োধ্বনি শোনার প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে তোরেসকে। সেটা মাথায় রেখেই হয়তো তিনি বলেছেন, ‘আমি জানি না, সমর্থকেরা কেমন আচরণ করবে। কিন্তু আমি যদি সত্যিই বাজে ধরনের অভ্যর্থনা পাই, তাহলে খুবই অবাক হব।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।