আমি ম্যান সিটি ছাড়তে চাই: তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলে পুরোপুরি সফল একটা মৌসুম কাটালেন কার্লোস তেভেজ। তাঁর অসাধারণ নৈপুণ্যেই ৩৫ বছর পর বড় কোনো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যান সিটি। দীর্ঘদিন পর জায়গা করে নিতে পেরেছে ইউরোপসেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে। কিন্তু তার পরও আবার ম্যান সিটি ছাড়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এবারের মৌসুম শুরুর আগেই একবার এই ইংলিশ ক্লাবটি ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তেভেজ। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত থেকেই গিয়েছিলেন। কিন্তু মৌসুম শেষে আবারও সেই পুরোনো ইচ্ছাটাই আবার জেগে উঠেছে তাঁর মনে। এখন তিনি ইংল্যান্ড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমানোর চিন্তা করছেন বলে জোর গুজব উঠেছে। তবে তেভেজ এখনো এ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। গতকাল আর্জেন্টাইন এক রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি ম্যানচেস্টার সিটি ছাড়তে চাই। এখানে আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করা হয়েছে। আমি সে জন্য খুবই কৃতজ্ঞ। আমার ওপর যে দায়িত্ব ছিল, সেটাও আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমার একটু পরিবর্তন দরকার।’ সকারনেট