আমি রাজনীতির শিকার: শেন বন্ড
ভারতের ‘বিতর্কিত’ ক্রিকেট লিগ আইসিএলে নাম লিখিয়েছিলেন ২০০৮ সালের জানুয়ারিতে। এ অপরাধে প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন। ২০০৯ সালের জুনে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। তবে বোর্ডের শর্ত অনুযায়ী আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন পর্যন্ত করতে হয়েছিল তাঁকে। আর এ ঘটনায় নিজে ‘রাজনীতির শিকার’ বলে দাবি করেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড।নিজের লেখা বই ‘লুকিং ব্যাক’-এ বন্ড বলেন, ‘আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছি, আইসিএলের সঙ্গে চুক্তি থাকলেও যেকোনো সময় দেশের পক্ষে খেলার জন্য প্রস্তুত। তার পরও বুঝতে পারি না, আইসিএল বা নিউজিল্যান্ড—কেন দুটির একটি বেছে নিতে হবে।’আইসিএলে খেলেছেন দিল্লি জায়ান্টসের হয়ে। বন্ড নতুন করে নাম লিখিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে। তবে এখনো আইসিএলে খেলতে আগ্রহী তিনি। শেন বন্ড বলেন, ‘আইসিএলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কখনোই অনুতপ্ত নই আমি। এটি আমাকে অর্থ দিয়েছে, জীবনের নিরাপত্তা দিয়েছে। নিউজিল্যান্ডের হয়ে বছরে কয়েকটি টেস্ট ও ওয়ানডে খেলার চেয়ে এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেলে অর্থ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে।’ ওয়েবসাইট।