আমি রিভাকে খুন করিনি: পিস্টোরিয়াস

অস্কার পিস্টোরিয়াসের কান্নায় ভারী হয়ে উঠল আদালতকক্ষ। চিৎকার করে তিনি বললেন, ‘আমি রিভাকে খুন করিনি।’ শুনানিতে বান্ধবী স্টিনক্যাম্প রিভাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তাঁর প্রতিবেশী, পেশায় অধ্যাপিকা মিচেল বার্জার। তিনি জানিয়েছেন, ‘ঘটনার দিন তিনি তাঁর বাড়ি থেকে গুলির শব্দের সঙ্গে এক নারী কণ্ঠের আর্তনাদ শুনেছেন।’ পিস্টোরিয়াসের আইনজীবী ব্যারি রো অবশ্য এই সাক্ষীর সাক্ষ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী যেহেতু গুলিতে রিভার মস্তিষ্ক মারাত্মক জখমের শিকার হয়েছিল, তাই তাঁর পক্ষে আর্তনাদ করা সম্ভব নয়। যুক্তি-তর্কের মাঝেই কানে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠেন পিস্টোরিয়াস।
ঘটনা তো এক বছর আগের। ভ্যালেন্টাইনস ডের রাতে বান্ধবী স্টিনক্যাম্প রিভাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পিস্টোরিয়াসের বিরুদ্ধে।
পিস্টোরিয়াস নিজের বক্তব্যে সাফ জানিয়েছেন, সে রাতে বান্ধবী রিভার সঙ্গে তাঁর কোনো ঝগড়াই নাকি হয়নি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার সঙ্গে রিভার কোনো ঝগড়া হয়নি। এমনকি কোনো তর্কও হয়নি। ওকে হত্যার কোনো অভিপ্রায় আমার ছিল না।’
তিনি দাবি করেছেন, নিহত হওয়ার সময় বান্ধবী রিভা নাকি ছিলেন বাথরুমে। ওখান থেকে বিকট চিৎকারের আওয়াজ শুনে তিনি নিজের বন্দুক হাতে দরজা ধাক্কাতে থাকেন। দরজা ভেঙেই রিভার রক্তাক্ত মৃতদেহ বের করে পুলিশ। পুরো ব্যাপারটিতেই পিস্টোরিয়াস নিজেকে ‘ঘটনার শিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র: ওয়েবসাইট।