আমি হলাম অকর্মার ঢেঁকি: মরিনহো

২০০৪ সালে চেলসির কোচ হয়ে আসার পর ইংলিশ মিডিয়ার সামনে প্রথম সুযোগেই বিড়াল মেরে দিয়ে বলেছিলেন, ‘আমি স্পেশাল ওয়ান।’ এ বছর দ্বিতীয় দফায় চেলসির কোচ হয়ে ফেরার পর বললেন, ‘আমি হ্যাপি ওয়ান।’ অনেকের চোখেই সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার হোসে মরিনহো ফুটবল সাময়িকী ‘ফোরফোরটু’কে দেওয়া সাক্ষাত্কারে এবার বলছেন, ‘আই অ্যাম মাস্টার অব নাথিং!’ মরিনহোর সেই সাক্ষাত্কার-নির্ভর তাঁর কোচিং দর্শনের ওপর লেখা বিশেষ রচনাটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে প্রথম আলো অনলাইনে। আজ প্রথম পর্ব:
দরজায় মৃদু করাঘাত। হোসে মরিনহোকে কথা মাঝখানে থেমে যেতে হলো। বিরক্ত স্বরেই বললেন, ‘কে?’ ভেতরে ভয়ে ভয়ে ঢুকল চেলসি একাডেমি দলের এক তরুণ ফুটবলার। তরুণের বিনয়ী জিজ্ঞাসা, ‘হোসে, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি?’ পর্তুগিজ ফুটবল ম্যানেজার তরুণকে আপাদমস্তক দেখে নিলেন।
চেলসির প্রশিক্ষণ মাঠ কোবহামে অবস্থিত নিজের অফিস কক্ষের চেয়ারে বসে আছেন মরিনহো। এখনো বেশি দিন হয়নি রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এটা পরিষ্কার যে এখন মরিনহোই এখানকার নিয়ন্ত্রণকারী।
অফিস কক্ষের দেয়ালে সারিবদ্ধভাবে টাঙানো রয়েছে হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের তাবত্ সাফল্যগাথার ছবি। শোভা পাচ্ছে তাঁর প্রিয় সব মুহূর্ত— পোর্তোর হয়ে জেতা চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে মরিনহো, সন্তানদের সঙ্গে সুখী-গর্বিত কোনো একটা বিশেষ মুহূর্তে মরিনহো, আর ইন্টার মিলানের হয়ে ট্রেবল জেতার পর ট্রফি হাতে মরিনহো।
‘পরে এসো’, মরিনহো স্নেহের হাসি দিয়ে বললেন। তরুণ ফুটবলারটি সম্মতিসূচক মাথা নেড়ে কক্ষ থেকে বিদায় নিল। দরজা বন্ধ হয়ে গেল।
পুরো দৃশ্যপটটি পাঁচ সেকেন্ডের বেশি হবে না। কিন্তু এই পাঁচ সেকেন্ড জানান দেয় মরিনহোর প্রতি তাঁর শিষ্যদের আনুগত্য, শ্রদ্ধা আর মরিনহোর প্রবল প্রতাপশালী ব্যক্তিত্বের কথা। মরিনহো সেই ফুটবল ম্যানেজার, যাঁকে দিদিয়ের দ্রগবা কিংবা মাইকেল এসিয়েনের মতো ফুটবলাররা একেবারে নির্দ্বিধায় ‘ড্যাডি’ বলে সম্বোধন করেন। তিনি সেই ফুটবল ম্যানেজার, যাঁর একনিষ্ঠ শিষ্য হিসেবে নিজেদের পরিচয় দেন আলোনসো, স্নাইডার আর টেরির মতো ফুটবলাররা। খেলোয়াড়দের কাছে তিনি হলেন পরম শ্রদ্ধেয় এবং প্রিয় একজন। তাঁর ব্যক্তিতে ঠাঁই পেয়েছে কাঠিন্য আর স্নেহ দুটো সত্তার মিশেল। দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি আর স্পেন জয় করে ক্যারিয়ারের পুরোনো এক অধ্যায় আবার নতুন করে শুরু করতে ফিরে এসেছেন প্রিয় ক্লাব চেলসিতে।
ফুটবলে সচরাচর তিন ধরনের ম্যানেজার পাওয়া যায়। ফার্গুসন বিশ্বাস করতেন খেলোয়াড়দের পিঠ চাপড়ে অনুপ্রাণিত করার মাধ্যমে সেরাটা বের করে আনা সম্ভব। অন্যদিকে পেপ গার্দিওলা অনুশীলন মাঠে ভীষণ সিরিয়াস একজন। আবার রাফা বেনিতেজ মনে করেন, ফুটবল দাবা খেলার মতো, এখানে কৌশলটাই মোদ্দা কথা। প্রচলিত গত্বাঁধা ম্যানেজিং দর্শনের সঙ্গে একমত নন মরিনহো। তিনি বলছেন তাঁর নিজের দর্শনের কথা, ‘সেরা ম্যানেজার হওয়ার জন্য কমবেশি সবকিছুর সংমিশ্রণ থাকা জরুরি।’
আপনি দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন, অথচ খেলাটা বোঝেন না—সেরা ম্যানেজার হতে পারবেন না। আপনি খুব ভালো কৌশল জানেন, কিন্তু খেলোয়াড়দের সঙ্গে ভালো বোঝাপড়া নেই, কিছুই করতে পারবেন না। কোচিং সম্পর্কে না জানা থাকলে অথবা খেলোয়াড়দের খেলার উন্নতির জন্য আপনার একটা স্পষ্ট কর্মপদ্ধতি না থাকলে কোনো কিছুই হবে না।
মরিনহো বললেন, ‘আপনাকে সাহায্য করার জন্য অভিজ্ঞ ও দক্ষ সহকারীরা থাকতে পারে। কিন্তু তাঁদের প্রত্যেকের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারলে, আপনি অস্বস্তিতে পড়ে যাবেন। সেরা ম্যানেজার হওয়ার জন্য আপনার মাঝে সবকিছুর সংমিশ্রণ থাকা খুব জরুরি। একজন ফুটবলারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একজন ফুটবলার বাতাসে ভালো না হলে, কিংবা কেবল এক পায়ের খেলোয়াড় হলে, তাঁকে সেরা বলা যাবে না। সেরা ম্যানেজারের মতো সেরা খেলোয়াড়ের মধ্যেও সব রকম দক্ষতার মিশেল থাকা জরুরি। আবার সেরা খেলোয়াড়ের মতো সেরা ম্যানেজারেরও নিজের সহজাত প্রতিভা থাকা দরকার, এমন কিছু যেটা তাঁর ভেতরে সুপ্ত থাকে। যেটি প্রকৃতির দেওয়া উপহার। কিন্তু আমার সেই উপহারটা কী, সেটা আমি কখনো জানার চেষ্টা করিনি।’
নিন্দুকেরা হরহামেশাই মরিনহোকে সমালোচনার বানে বিদ্ধ করে। অথচ খেলোয়াড়দের কাছে মরিনহো হলেন পরম শ্রদ্ধেয় এবং প্রিয় একজন। সাবেক ও বর্তমান শিষ্যরা বরাবরই মরিনহোতে ভীষণ মুগ্ধ। তিনি তাঁদের কাছে আর দশজন ম্যানেজারের মতো শুধু ‘বস’ বা ‘গ্যাফার’ নন, তিনি হলেন তাঁদের প্রিয় ‘মিস্টার মরিনহো’। ম্যানেজার মরিনহো খেলোয়াড়দের সঙ্গে খুব সহজে মিশে যান, খেলোয়াড়দের বুঝতে পারার ক্ষমতাও মরিনহোর বিশেষ কিছু। খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জায়গায় মরিনহোর দক্ষতা তাঁকে ম্যানেজার হিসেবে নিঃসন্দেহে ভিন্নমাত্রা দিয়েছে।
ইন্টার মিলানের সাবেক শিষ্য জ্লাতান ইব্রাহিমোভিচ তাঁর আত্মজীবনীতে মরিনহোর কথা স্মরণ করেছেন শ্রদ্ধাভরে। সুইডিশ এই স্ট্রাইকার তাঁর বইয়ে জানিয়েছেন, মরিনহো ইন্টারের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ২০০৮ সালের সেই গ্রীষ্মে সুইডেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত ছিলেন ইব্রা। আর মরিনহোর যোগাযোগটা ছিল একেবারে ব্যক্তিগত, রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিক পরিচয়ের অনেক আগেই। আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই একজন ম্যানেজারের এমন অনানুষ্ঠানিক যোগাযোগ ইব্রার কাছে ছিল বিশেষ কিছু। অতটুক আগ্রহ আর আন্তরিকতা ‘উদ্ধত’ হিসেবে পরিচিত ইব্রাকে মুগ্ধ করতে যথেষ্ট ছিল।
‘আমি সব খেলোয়াড়ের সঙ্গে এভাবেই কাজ করি’, মরিনহো বললেন। ‘নতুন কোনো ক্লাবে ম্যানেজার হিসেবে যোগদানের পর এ রকম হয় যে মে মাসে চুক্তি সই করি, কিন্তু জুলাইয়ের আগে নতুন ক্লাবের খেলোয়াড়দের কারও সঙ্গেই আনুষ্ঠানিকভাবে দেখা হচ্ছে না। তার মানে, মাস দুয়েক আমি তাদের ম্যানেজার হিসেবেই থাকি, অথচ তাদের সম্পর্কে আমার কিছুই জানা হয়ে ওঠে না। ওই সময়ে তাদের সম্পর্কে নিজ থেকে জানার চেষ্টা করি। আনুষ্ঠানিকভাবে ইন্টারে যোগদানের আগে যেভাবে জ্লাতানের সঙ্গে যোগাযোগ করেছি, বাকি সবার সঙ্গেও ঠিক তাই করেছি। সাক্ষাতের আগেই খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ হওয়া উচিত আর সেখান থেকেই মূলত কাজ শুরু হয়। এই কাজটা আপনার কাজকে আরও সহজ করে দেয়।’
ডাগাউটের মরিনহো ড্রেসিংরুমে কীভাবে খেলোয়াড়দের প্রভাবিত করেন? ড্রেসিংরুমের মরিনহো সম্পর্কে জানা যাবে ইব্রার বইয়ের এই অংশটুকু থেকে, ‘এটা (ইন্টার মিলানের ড্রেসিংরুম) থিয়েটারের মতো ছিল, একটা মনস্তাত্ত্বিক খেলা। মাঝেমধ্যে যেসব ম্যাচে বাজে খেলেছি সেসব ম্যাচের ভিডিও দেখিয়ে বলতেন আমরা বাজে, নিকৃষ্টের মতো খেলেছি। মাঠের খেলোয়াড়গুলো আসলে আমাদের ছায়া, আমরা ও রকম হতেই পারি না।’
ইব্রা লিখেছেন, ‘তিনি বলতেন, “মাঠে যাও, এবার লড়তে যাও, ক্ষুধার্ত সিংহের মতো লড়ো, যোদ্ধার মতো লড়ো। প্রথম অঙ্কে এভাবে লড়াই করবে, দ্বিতীয় অঙ্কে এভাবে...।” তারপর ফ্লিপ-চার্টে লাথি মেরে কাগজগুলো বাতাসে উড়িয়ে দিতেন। আমাদের অ্যাড্রেনালিন গ্রন্থিতে তীব্র উদ্দীপনার সৃষ্টি হতো। আমরা মাঠে নামতাম স্রেফ ক্ষুধার্ত পশুর মতো। মরিনহোর সঙ্গে কাজ করার সময়ে নিজের ভেতর একটা তাড়না কাজ করত। মরিনহো পুরো দলের জন্য সবটুকু নিংড়ে দিত, আমিও আমার সবটুকু মরিনহোর জন্য নিংড়ে দিতে চাইতাম।’
মরিনহো সেই বিরল প্রতিভাবান ম্যানেজারদের একজন, যিনি শুধু এবং কেবল তাঁর জন্য খেলোয়াড়দের বুক চিতিয়ে লড়াই করার জন্য উদ্দীপ্ত করতে পারেন। খেলোয়াড়দের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক সাফল্যের টনিক হিসেবে কাজ করে অনেকাংশে। কীভাবে তৈরি হয় এই সম্পর্কের রসায়ন? মরিনহোর উত্তর, ‘কীভাবে সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করি? আমি সত্ থাকি। মাঝেমধ্যে সত্ থাকার মানে হলো অপ্রিয় কিছু বলা, যা আমার খেলোয়াড়েরা শোনার আশা করে না। কিন্তু যেসব খেলোয়াড় আমার অধীনে সাফল্য পায়নি, এমনকি তাদের সঙ্গেও আমার সম্পর্ক দুর্দান্ত ছিল। যেখানেই কাজ করেছি বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় ছিল। এখনো আছে।’
মরিনহো একবার কোনো খেলোয়াড়ের আনুগত্য অর্জন করে নিলে, সেটা তৃতীয় পক্ষের মাথাব্যথার যথেষ্ট কারণ হতে পারে। ২০০৭ সালে যেবার চেলসি ছেড়ে দিলেন, দ্রগবাও চেলসি ছেড়ে দিতে চেয়েছিলেন! তিনি ঠিক এমনভাবেই খেলোয়াড়দের আপন করে নেন। মরিনহোর পর চেলসির দায়িত্বে আসা সাবেক সাতজন চেলসি ম্যানেজারের প্রায় সবাই অভিযোগ করেছিলেন, চেলসি স্কোয়াডের অনেক খেলোয়াড়ের সঙ্গেই মরিনহো ব্যক্তিগত যোগাযোগ রাখতেন তখনো।
মরিনহো মনে করেন, এসবই জানান দেয়, তিনি তাঁর দলের কাছে কতটা ঘনিষ্ঠ এবং প্রিয় একজন। আপাতদৃষ্টিতে বদমেজাজি, ঠোঁটকাটা, অহংকারী হিসেবে পরিচিত মরিনহো। কিন্তু খেলোয়াড়দের কাছে মরিনহো হলেন শিক্ষক, অনুপ্রেরণার নাম, ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র। মনে হচ্ছে মরিনহোকে পড়া মোটেও সহজ ব্যাপার নয়। তাঁর চরিত্রে ধূম্রজাল রয়েছে, হয়তো এই ধূম্রজালই তাঁর সাফল্যের অন্যতম গোপন রহস্য। কে জানে!
[দ্বিতীয় পর্ব পড়ুন ১৬ ডিসেম্বর]
ভাষান্তর: মাহাদী হাসান