আমি হলাম অকর্মার ঢেঁকি: মরিনহো (দ্বিতীয় পর্ব)

২০০৪ সালে চেলসির কোচ হয়ে আসার পর ইংলিশ মিডিয়ার সামনে প্রথম সুযোগেই বিড়াল মেরে দিয়ে বলেছিলেন, ‘আমি স্পেশাল ওয়ান।’ এ বছর দ্বিতীয় দফায় চেলসির কোচ হয়ে ফেরার পর বললেন, ‘আমি হ্যাপি ওয়ান।’ অনেকের চোখেই সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার হোসে মরিনহো ফুটবল সাময়িকী ‘ফোরফোরটু’-কে দেওয়া সাক্ষাত্কারে এবার বলছেন, ‘আই অ্যাম মাস্টার অব নাথিং’! মরিনহোর সেই অসাধারণ সাক্ষাত্কারটি ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে প্রথম আলো অনলাইনে।
আজ দ্বিতীয় পর্ব:
২০০৪ সালে চেলসি ম্যানেজার হিসেবে যোগদান করার পর নিজের পরিচয় দিয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’ হিসেবে। সে নামেই ফুটবল বিশ্বে ব্যাপকভাবে পরিচিত হয়েছেন।
মরিনহোর কাছে প্রশ্ন, ‘মরিনহো, আপনি কি এখনো স্পেশাল ওয়ান?’
এ প্রশ্ন করার যথেষ্ট কারণ রয়েছে। গত এক দশকে পোর্তো, চেলসি, ইন্টার সব ক্লাবেই বিরামহীনভাবে সাফল্য আর সমর্থন পেয়েছেন। সম্ভবত রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পর ক্যারিয়ারে প্রথমবার তাঁর ‘স্পেশাল ওয়ান’ উপাখ্যানটি কিছুটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল।
তিন মৌসুম রিয়ালের ম্যানেজার ছিলেন, এর দুই মৌসুমেই লা-লিগা খোয়াতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। প্রতিপক্ষ দল, রেফারি এমনকি নিজ দলের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছেন বিস্তর। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ‘সন্ত’ ক্যাসিয়াসকে সাইড বেঞ্চে বসানোয় কপালে জুটেছিল মিডিয়ার ভর্ত্সনা আর ক্লাব সমর্থকদের দুয়ো। সব মিলিয়ে মরিনহোর রিয়াল অধ্যায় তেমন সুখকর ছিল না।
ইতিহাসের সেরা বার্সেলোনা দলের সঙ্গে লড়াই করে যথাক্রমে দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় হিসেবে লা লিগা শেষ করা কিংবা টানা তিন বছর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালিস্ট করার মরিনহোর কৃতিত্ব খুশি করতে পারেনি বার্নাব্যু দর্শকদের। শেষে চাকরি থেকেই ইস্তফা দিতে হয়েছিল তাঁকে।
বিষয়টি মরিনহো নিজে কীভাবে দেখেন? ‘আমার মতে, রিয়াল মাদ্রিদ হলো বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। রিয়াল মাদ্রিদের ইতিহাসও সবচেয়ে বেশি সমৃদ্ধ। ক্লাবটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বড় খেলোয়াড় আর বড় ম্যানেজারদের নাম।
তবে ইতিহাসের সেরা রিয়াল মাদ্রিদ দলটির ম্যানেজার কে? সেটা হলাম আমি। ১০০ পয়েন্ট, ১২১ গোল, সর্বকালের সেরা বার্সেলোনা দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়া—আমিই সেই ম্যানেজার। গত বছর আমার রিয়াল মাদ্রিদ কোনো শিরোপা জিততে পারেনি। কিন্তু বছর দুয়েক আগে রিয়াল মাদ্রিদের হয়ে আমরা লা লিগা জিতেছিলাম। শেষ মৌসুমে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি রিয়ালকে ভালো কিছু এনে দেবার। কাজেই আমার কোনো আফসোস নেই। লোকে আমার রেকর্ড তাঁদের নিজেদের মতো করে দেখতেই পারে, কিন্তু আমি ভিন্নভাবে দেখতে পছন্দ করি। আমি হলাম “লিগ অব রেকর্ডস” চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ ইতিহাসে আমার জায়গাটা সেখানেই।’
মরিনহোর কাছে আমাদের প্রশ্ন, ‘মরিনহো আপনি কি এখনো স্পেশাল ওয়ান?’
তিনি যেন প্রস্তুত হয়েই ছিলেন।
‘আমি এখন হ্যাপি ওয়ান’, মরিনহোর জবাব। ‘আমার কাছে সব সময় মনে হতো, একদিন ইংল্যান্ডে ফিরে আসব। আবার চেলসিতে ফিরব জানতাম কিনা? আমি নিশ্চিত ছিলাম না। তবে চেলসিতে ফেরার ইচ্ছা সব সময়ই ছিল। আপনি যে দেশে থাকতে পছন্দ করেন, যে দেশে কাজ করতে আপনার ভালো লাগে, যে ক্লাবের ব্যাপারে আপনার সীমাহীন আবেগ রয়েছে, সেখানেই ফিরতে চাইবেন। একজন পেশাদার ম্যানেজারকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। সবকিছু সুযোগের ওপর নির্ভর করে। আসলে যখন ইংল্যান্ডে ফিরতে চেয়েছি, চেলসি ম্যানেজারের চাকরিটাও তখন খালি ছিল। ব্যাপারটা ভালোই কাকতাল ছিল, স্রেফ কাকতাল। আমি সেই লিগ আর ক্লাবে ফিরতে পেরেছি, যেখানে সত্যিই ফিরতে চেয়েছিলাম। ফেরার গল্পটা একেবারে নিখুঁত হয়েছে।’
ইতালি আর স্পেনের ফুটবল সংস্কৃতি একজন ফুটবল ম্যানেজারের জন্য কতটা প্রতিকূল, সে কথাও বলেছেন। ‘আমার আসল ঠিকানা হলো পর্তুগাল। তবে সময়ের পরিক্রমায় পরিবারের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকার অভিজ্ঞতা হয়েছে। পারিবারিক অভিজ্ঞতায় মনে হয়েছে, লন্ডন আমার বাচ্চাদের জন্য ভালো। এখানকার লোকজন আপনাকে আপনার নিজের মতো থাকতে দেয়। তাঁরা ফুটবল ম্যানেজারের চাকরিটা বুঝতে পারে। যখন আপনি রাস্তায় হাঁটছেন অথবা কেনাকাটা করছেন অথবা কোন রেস্টুরেন্টে আছেন, লোকজন এতটুক বুঝতে পারে যে, আপনি তখন একজন ফুটবল ম্যানেজার নন, তখন আপনি একজন বাবা অথবা একজন স্বামী অথবা খুব সাধারণ কেউ একজন। এখানকার লোকজন আপনাকে নির্বিঘ্ন জীবন কাটাতে দেয়। এই তো সেদিন আমার ছেলে ফুটবল খেলছিল, আমিও সেখানে ছিলাম, সেখানের সবাই আমাকে একজন সাধারণ বাবার দৃষ্টিতেই দেখেছে। আমার ছেলের খেলা দেখার ফাঁকে সেখানে অন্য বাবা-মায়ের সঙ্গেও কথা বলছিলাম। কেউ আমাকে বিরক্ত করেনি।’
ইতালি আর স্পেনে এই ব্যক্তিগত অবকাশটুকু পাওয়া তাঁর জন্য ছিল অসম্ভব। সেটাই বললেন, ‘ইতালি এবং স্পেনে এমনটা ভাবা অসম্ভব। ওখানকার লোকজন আবেগ এবং সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে অনেক কিছু আলাদা করতে জানে না। তাঁরা ভাবে, আপনি দিন-রাত ২৪ ঘণ্টা একজন ফুটবল ম্যানেজার, কাজেই আপনি একজন বাবা বা রাস্তায় হেঁটে যাওয়া সাধারণ পথচারী হতে পারেন না। তাঁদের কাছে আপনি সারা দিন, প্রতিদিন কেবল একজন ফুটবল ম্যানেজার। ব্যাপারগুলো আমার পরিবারের জন্য ভালো কিছু ছিল না।’
ম্যানেজার হিসেবে কখনোই কোনো ক্লাবে থিতু ছিলেন না। ঘনঘন যেমন সাফল্যের মুখ দেখেছেন, তেমনি ঘনঘন ক্লাবও পরিবর্তন করেছেন। ক্যারিয়ারের নতুন অধ্যায়ে এসে এবার একটু স্থির হওয়ার কথাই ভাবছেন মরিনহো। চেলসিতেই থিতু হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, ‘একজন মানুষের জীবনে ছয় বছর বেশ দীর্ঘ সময়। কিন্তু একজন ম্যানেজারের জন্য সেটা আরও বেশি দীর্ঘ। এটা যেন একটা জীবনকাল। আমি এখন আগের চেয়ে আলাদা। সময়ের সঙ্গে আপনার মাঝে পরিবর্তন আসে। ক্যারিয়ারের ছয় বছর কাটিয়েছি একেবারে ভিন্ন ভিন্ন দেশে। ইংল্যান্ড থেকে ইতালি, সেখান থেকে স্পেন গিয়েছি। সব দিক থেকে পরিবর্তন হয়েছে, সামাজিক জীবন থেকে শুরু করে একেবারে ফুটবলের খুঁটিনাটি ব্যাপারগুলো পর্যন্ত। সবকিছু আপনাকে বদলে দেয়। আমি স্রেফ আরও ভালো কিছুর প্রত্যাশায় থাকি।’
মরিনহোর ‘মাইন্ড গেম’
তিনি যখন নতুন খেলোয়াড় কেনার কথা বলেন, সেটাকে মাইন্ড গেম ভাবা হয়। তিনি যখন কোনো খেলোয়াড় না কেনার কথা বলেন, সেটাকেও মাইন্ড গেম ভাবা হয়। উয়েফা-ইউনিসেফ ষড়যন্ত্রতত্ত্বের কথা যখন বলেন, সেটাও তাঁর মাইন্ড গেমের অংশ হিসেবে ভাবা হয়। কারণ মরিনহোর বলা প্রতিটি কথা আর পদক্ষেপ, সবকিছুরই ভিন্ন অর্থ আছে।
প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করতে ম্যানেজাররা হরহমেশাই কথার লড়াইয়ে মেতে ওঠেন, যা কিনা ফুটবলে ‘মাইন্ড গেম’ হিসেবে পরিচিত। আধুনিক ফুটবলে ‘মাইন্ড গেম’কে ম্যাচ জেতার কৌশলের অংশ হিসেবেই ধরা হয়। অনেকের মতে, ফুটবলে এই কৌশলের প্রচলন ঘটেছিল কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে। ফার্গুসন এখন সাবেক হয়েছেন, আছেন মরিনহো। আর কথার লড়াইয়ে মরিনহোর তুলনা তো কেবল মরিনহোই।
এই ‘মাইন্ড গেম’ প্রসঙ্গে মরিনহোর ব্যাখ্যা কিন্তু অন্যরকম, ‘আমি সত্ থাকার ব্যাপারে সচেতন থাকি, ভণ্ড হওয়ার চেষ্টা করি না। কোনো কূটকৌশল অবলম্বন করি না। সঠিক রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করে কিছু বলি না। যেহেতু ভণ্ডামি করি না, তাই কোনো ‘মাইন্ড গেম’ও খেলি না। যেটা মনে হয় সেটাই কেবল বলি। এরপর লোকে যদি আমার কথাকে মাইন্ড গেম হিসেবে ব্যাখ্যা করে, কিচ্ছু করার নেই। আমার কথাবার্তা থেকে কোনো সুবিধা কিংবা অসুবিধা কিছুই পাওয়া যায় না।’
ম্যানেজার মরিনহো পারিবারিক জীবনে কেমন? ডাগ আউটের মরিনহো জানিয়েছেন পরিবারের মরিনহো সম্পর্কে, ‘সবকিছুকে আলাদা রাখতে হয়। একটা হলো আমার চাকরির জীবন। আরেকটা হলো আমার এর বাইরের জীবন। অফিস এবং বাড়িতে আমি আলাদা মানুষ। পরিবার, কাছের বন্ধুদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। সব সময় বলি, যাদের পছন্দ করি, তারা আমাকে মনে রাখুক। আমি একটু আলাদাই। অফিসের পর খুব স্বাভাবিকভাবে বাড়ি ফিরি। বাড়িতে পেশাদার জীবন নিয়ে ভাবি না। সবকিছু অফিসেই শেষ করে আসি। দরকার হলে কাজের প্রয়োজনে ছয়টা, সাতটা কিংবা আটটা অবধি অফিস করি। স্ত্রী-সন্তানের কাঙ্ক্ষিত মানুষটি হয়ে বাড়ি ফেরার চেষ্টা করি। মাঝেমধ্যে বাড়ি ফিরে পেশাদার জীবন আর পারিবারিক জীবন আলাদা করতে পারি না। কখনো কখনো পেশাদার জীবনের কিছু ব্যাপার মনের মধ্যে থেকে যায়, সেখান থেকে মনোযোগ সরানো আসলে কঠিন।’
[তৃতীয় পর্ব প্রকাশিত হবে ১৮ ডিসেম্বর]
ভাষান্তর: মাহাদী হাসান