আমি হলাম অকর্মার ঢেঁকি : মরিনহো (শেষ পর্ব)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

২০০৪ সালে চেলসির কোচ হয়ে আসার পর ইংলিশ মিডিয়ার সামনে প্রথম সুযোগেই বিড়াল মেরে দিয়ে বলেছিলেন, ‘আমি স্পেশাল ওয়ান। এ বছর দ্বিতীয় দফায় চেলসির কোচ হয়ে ফেরার পর বললেন, ‘আমি হ্যাপি ওয়ান।’ অনেকের চোখেই সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার হোসে মরিনহো ফুটবল সাময়িকী ফোরফোরটু-কে দেওয়া সাক্ষাত্কারে এবার বলছেন, ‘আই অ্যাম মাস্টার অব নাথিং!’ মরিনহোর কোচিং-দর্শন নিয়ে সাক্ষাত্কারনির্ভর বিশেষ রচনাটির শেষ পর্ব আজ:

চেলসিতে চাকরি করেছেন তিন মৌসুম। ইন্টারে কাজ করেছেন দুই মৌসুম। রিয়াল মাদ্রিদে কাজ করেছেন তিন মৌসুম। সব ক্লাবের হয়েই শিরোপা জিতেছেন, রেকর্ড আর ইতিহাস গড়েছেন। কিন্তু কোথাও লম্বা সময়ের জন্য থিতু হতে পারেননি। এ নিয়ে অনেক সময় মরিনহোকে খোঁচা মারতে ছাড়ে না নিন্দুকেরা। তিনি জোর দিয়ে বললেন, এবার তিনি চেলসিতে এসেছেন থিতু হওয়ার জন্যই।

‘আমার চাকরির ধরন পাল্টে গেছে। এখন আমার পছন্দের ক্লাব, পছন্দের লিগ আর পছন্দের দেশ সম্পর্কে জানি। অতীতে ক্লাব পরিবর্তন করেছি, দেশ পরিবর্তন করেছি, এখন স্থির সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় চলে এসেছি। এমন একটা ক্লাবে (চেলসি) থাকতে চাই, যে ক্লাবকে ভীষণ পছন্দ করি। একেবারে তরুণ খেলোয়াড়দের নিয়ে চেলসির ভবিষ্যত্ সাজিয়ে দিতে চাই। চেলসিতে এর আগের মেয়াদে সাড়ে তিন বছর ছিলাম। কিন্তু লক্ষ্য করলে দেখবেন, সর্বশেষ আট বছরেও আমার বানানো চেলসি দলটাই খেলেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রতি মৌসুমে নতুন কিছু খেলোয়াড় যোগ হয়েছে। কিন্তু শেষ তিনবার চ্যাম্পিয়ন (২০০৫, ২০০৬, ২০১০) হওয়া দলের দিকে তাকান, বলতে গেলে প্রায় আমার সময়ে বানানো চেলসি দলটাই চ্যাম্পিয়ন হয়েছে। এ বছরের রিয়াল মাদ্রিদ দলের দিকে লক্ষ্য করুন। মেসুত ওজিলের জায়গায় গ্যারেথ বেলকে আনা হয়েছে, কিন্তু দলটা প্রায় একই রয়েছে। ইন্টার মিলান ছাড়ার পরে আমার বানানো দল নিয়ে ইন্টার দুই বছর খেলেছে। যদিও পারে বেশি বেতনের খেলোয়াড়দের ক্লাব কর্তৃপক্ষ বিক্রি করে দিয়েছিল। আমার সম্পর্কে ফুটবলে অনেক কিছুই বলা হয়, যা আমার বোধগম্য নয়।’

‘মরিনহোর দল রক্ষণাত্মক ফুটবল খেলে’— মরিনহোর বিরুদ্ধে নিন্দুকদের একটাও বড় অভিযোগ। প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলার নান্দনিক ফুটবল এবং আক্রমণাত্মক কৌশল যতটা প্রশংসিত, মরিনহো ‘নেতিবাচক’ ফুটবল এবং রক্ষণাত্মক কৌশল বিভিন্ন সময়ে ততটাই সমালোচিত হয়েছে। পাল্টা যুক্তিতে এ সমালোচনার কড়া জবাব দিলেন মরিনহো।

‘রক্ষণাত্মক কৌশলের অভিযোগটাও ঠিক বুঝতে পারি না। সাধারণত আমার অধীনে খেলা দলগুলো সর্বোচ্চ গোলের রেকর্ড করে। আমার রিয়াল মাদ্রিদ রক্ষণাত্মক ছিল? রিয়াল মাদ্রিদ আমার অধীনেই এক মৌসুমে ১২১ গোল করেছিল, ১০০ পয়েন্ট জিতেছিল। আমার চেলসি রক্ষণাত্মক ছিল? আমার অধীনে চেলসি প্রিমিয়ার লিগ ইতিহাসে রেকর্ডসংখক পয়েন্ট জিতেছিল। বারবার একই মিথ্যা কথা বললে নির্বোধ লোকেরা সেটাই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। লোকজন কেবল সেসব ম্যাচের কথাই স্মৃতিতে রাখে, যেসব ম্যাচে আপনি স্বাভাবিকের তুলনায় রক্ষণাত্মক খেলেছিলেন। আমার ক্যারিয়ারেও সে রকম কিছু ম্যাচ ছিল। কিছু ম্যাচে ১০ জনের দল নিয়ে আমাকে দীর্ঘক্ষণ চালিয়ে যেতে হয়েছিল।’

উদাহরণও দিলেন, ‘২০১০ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে (প্রথম লেগে) বিশ্বের সেরা দল বার্সেলোনার বিপক্ষে ৬৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছিল। সেই ম্যাচে রক্ষণাত্মক খেলা ছাড়া ভিন্ন কোনো উপায় ছিল না। ইতোকে রাইট-ব্যাক পজিশনে খেলানোয় লোকজন সমালোচনা করেছিল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আধা ঘণ্টার বেশি সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেললে রক্ষণাত্মক খেলা ছাড়া উপায় থাকে না। অথচ লোকজন ভুলে গেছে, এর দুই সপ্তাহ আগে সান-সিরোর মাঠে বার্সাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইন্টার। সেই ম্যাচে চার বা পাঁচ গোলও হতে পারত। আমার ক্ষেত্রে পরিস্থিতিটা এমন যে, লোকজন তাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু মনে রাখে, তাদের নিজেদের পছন্দ অনুযায়ী সবকিছু ভুলে যায়।’

প্রায় অচেনা অখ্যাত মরিনহো অবিশ্বাস্য দ্রুততায় বিশ্বফুটবলের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। পেয়েছেন অবিশ্বাস্য সাফল্য। হয়তো এটাও অনেকের ঈর্ষার কারণ। কিন্তু মরিনহো জানালেন, তাঁর কোনো সাফল্যই পড়ে পাওয়া নয়। আকস্মিক কোনো ঘটনা নয়, ‘ধাপে ধাপে আজকের সবকিছু হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়ার পর প্রথমে ছোট বাচ্চাদের ট্রেনিং করাতাম। পর্তুগাল আর পর্তুগালের বাইরে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেছি। একসময় আবার পর্তুগালে ফিরে প্রধান ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করি। তারপর কয়েক বছরের মধ্যে ইংল্যান্ড, ইতালি আর স্পেনে কাজ করার সুযোগ পেলাম। প্রতিটি ধাপ আমাকে পরবর্তী ধাপে যেতে প্রস্তুত করেছিল। ধীরে ধীরে আমি আরও অভিজ্ঞ হয়ে উঠছিলাম।’

তিনি ভালোবাসেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই তাঁকে উদ্দীপিত করে। এই চ্যালেঞ্জের কারণেই আবার ফিরে এসেছেন চেলসিতে, ‘আমি যা করতে চেয়েছি তা-ই করেছি। যেসব শিরোপা জিততে চেয়েছি, জিতেছি। যেসব দেশে কাজ করতে চেয়েছি, করেছি। যেসব জায়গায় কাজ করার কৌতূহল ছিল, কাজ করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা জয়ের পথে চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। আমি এখনো উচ্চাকাঙ্ক্ষী, তবে উচ্চাকাঙ্ক্ষার ধরন কিছুটা বদলে গেছে। এখন আর নতুন কোনো লিগ জয়ের চ্যালেঞ্জ নেই, কাঙ্ক্ষিত সবগুলো লিগ জয় করেছি। ফলে যে লিগ আগে জিতেছি, সেটির পুনরাবৃত্তি করতে চাই।’ 

চেলসির তখনকার মরিনহো আর এখনকার চেলসির মরিনহো অনেকটাই আলাদা। এই মরিনহো যেন আগের চেয়ে অনেক নির্ভার, স্থির, শান্ত। এই মরিনহো ম্যানেজার হিসেবে আগের চেয়ে আরও অভিজ্ঞ, আরও সফল। তিনি যেন ঠিক জেমস বন্ড কিংবা শার্লক হোমস, এবার সব কেস মীমাংসিত, সব ভিলেন থেমে গেছে! ‘এখন অতীতের চেয়ে আমি আরও ভালো ম্যানেজার। সবকিছু আপানাকে আরও পরিপক্ব হতে সাহায্য করে। ম্যানেজারের জন্য অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজারের ক্ষেত্রে খেলোয়াড়ের মতো বয়সের কোনো সমস্যা নেই। প্রিমিয়ার লিগ, লা লিগা অথবা ইতালিয়ান লিগ—একটা আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিপক্ষের মানসিকতা থেকে শুরু করে কৌশল সবকিছু একেবারে আলাদা। প্রতিবছর একই ক্লাবে কাজ করলে এত কিছু ভাবার প্রয়োজন হয় না। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে গেলে গল্পটা একেবারে আলাদা। সে ক্ষেত্রে প্রতিপক্ষ এবং নিজ দলের খেলোয়াড়দের প্রকৃতি বিবেচনা করে ম্যাচ জয়ের সেরা উপায় খুঁজে নিতে হয়। নিজের পছন্দের কৌশলে খেলতে চাইলেও খেলা সম্ভব হয় না। দল এবং খেলোয়াড়দের উপযোগী সেরা কৌশলে খেলে লড়াই করতে হয়। এটা একটা বিশাল অভিজ্ঞতা।’

ক্লাব, লিগ পাল্টেও যে সাফল্য পেয়েছেন, সেটার মাহাত্ম্য বড় বড়, সেটাই যেন বোঝালেন, ‘ক্লাব পরিবর্তন করার মাধ্যমে আপনি স্বাচ্ছন্দ্য হারান। নতুন একটি ক্লাব সম্পর্কে প্রথম প্রথম কোনো যথাযথ ধারণা থাকে না। টেলিভিশন দেখে অল্পবিস্তর যতটুক জেনেছেন ঠিক ততটুকুই সম্বল। কিন্তু নতুন কর্মক্ষেত্রের সাংস্কৃতিক আবহ সম্পর্কে প্রকৃত ধারণা থাকে না। কাজেই সহজেই অভ্যস্ত হতে পারেন না।’

মরিনহো নিজেই কখনো থিতু হননি। তিনি ক্লাব পরিবর্তন করেন। কারণ নিজেকে নতুন করে চ্যালেঞ্জ করতে চেয়েছেন, ‘স্বাচ্ছন্দ্য তখন চলে আসে, যখন পারিপার্শ্বিক সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। আর সে রকম নিয়ন্ত্রণ চলে এলে চাকরি  থেকে ইস্তফা দিই। এ কারণে দুই বছর পর ইতালি এবং তিন বছর পর স্পেন ছেড়েছি।’

কিন্তু তাঁর নিজের বয়স আর পরিবারের ভবিষ্যত্ মিলিয়ে এইবার সংসারী মরিনহোকেই দেখবে চেলসি, ‘কেবলমাত্র আমার পরিবার আমার কাছে ফুটবলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চারা এখন এমন বয়সে আছে যে এসব (চাকরির পরিবর্তন) ওদের জন্য ভালো নয়। যথেষ্ট হয়েছে, এবার স্থিতিশীলতার প্রয়োজন। আমার পেশাগত পছন্দ থেকে ওদের অবশ্যই স্থিতিশীলতা এনে দিতে হবে। বাচ্চাদের নিয়ে পর্তুগাল থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ইতালি, ইতালি থেকে স্পেন, স্পেন থেকে ইংল্যান্ড ঘুরেছি। আমার পরিবারের জন্য এসব দুর্দান্ত অভিজ্ঞতা। নতুন বাড়ি, নতুন শিক্ষক, নতুন প্রতিবেশী, নতুন ক্লাব—প্রতিবার সব নতুন করে শুরু করা দারুণ অভিজ্ঞতা। একটা সময়ে এসে কোথাও থিতু হতে হয়, এখন সেই সময়ে চলে এসেছি।’

শিরোপা সংখ্যায় নয়, ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার বিরল কীর্তি গড়া কোচ হিসেবেও নয়, মরিনহো চান তাঁকে মানুষ মনে রাখুক অন্যভাবে। নিন্দুকেরা কে কী বলল, তাতে কিছু যায়-আসে না তাঁর, ‘আমি চাইব, আমার পরিবার, সাবেক এবং বর্তমান ক্লাবের সমর্থকেরা আমাকে এমন একজন ব্যক্তি হিসেবে মনে রাখবে, যে মানুষটা তাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। কখনো বেশি সাফল্য পেয়েছি, কখনো কম, কিন্তু সব সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। মতামত এমন একটি ব্যাপার, যেটি নিজের মতো করে দেওয়া যায়। কিছু সত্য থাকে যার তল খুঁজে পাওয়া যায় না। আমি এসব মতামত নিয়ে মোটেও ভাবিত নই, এমনকি এসব নিয়ে ভাবিও না।’      

ভাষান্তর: মাহাদী হাসান