ফিলিপ লাম যা-ই বলুন, মাইকেল বালাক স্পষ্টই জানিয়ে দিলেন, তিনিই জার্মানির অধিনায়ক। ফিলিপ লামের কাছে অধিনায়কত্ব হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই তাঁর।বালাকের ঘোষণায় জার্মান ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে খেলা হয়তো ভালোই জমে উঠবে। কিন্তু এই খেলাটার জন্মই হয় না, যদি বিশ্বকাপের আগে আগে অ্যাঙ্কেলের ইনজুরিটা উড়ে এসে জুড়ে না বসত বালাকের শরীরে। দীর্ঘদিন ধরেই জার্মানির অধিনায়ক বালাক। ২০০৬ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া বালাকের ওপরই এবারও আস্থা রেখেছিলেন কোচ জোয়াকিম লো। কিন্তু ইনজুরি তাঁকে নিয়ে গেল বিশ্বকাপের বাইরে।ভাগ্যের ঘোড়ায় চড়ে ফিলিপ লাম পেলেন অধিনায়কের দায়িত্ব। এতেও কোনো সমস্যা ছিল না। বিপত্তিটা বেধেছে হঠাৎ পাওয়া নেতৃত্বটা লাম উপভোগ করতে শুরু করায়। এবং সেটা এতটাই প্রবলভাবে যে, দক্ষিণ আফ্রিকায় বসেই জানিয়ে দিয়েছেন, অধিনায়কত্বটা রেখে দিতে চান নিজের কাছেই।লামের ইচ্ছার জবাবটা কড়া ভাষাতেই দিয়েছেন বালাক, ‘আমি মনে করি, আমিই জাতীয় দলের অধিনায়ক। ফিলিপ যদি ভিন্ন কিছু ভাবে, তার উচিত হবে আগে কোচের সঙ্গে আলোচনা করা। আমি মনে করি, সিদ্ধান্ত নেওয়ার ভারটা কোচেরই।’ দক্ষিণ আফ্রিকা মিশন শেষ করে এসে গতকাল বুধবারই বিয়ের মন্ত্র পাঠ করে ফেলেছেন লাম। শুভদিনে সতীর্থকে শুভেচ্ছা জানিয়েও ৩৩ বছর বয়সী জার্মান মিডফিল্ডার বলেছেন, সামনাসামনি দেখা হলে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে লামের সঙ্গে কথা বলবেন তিনি।বিশ্বকাপ শেষেই শেষ হয়ে গেছে চুক্তি। চুক্তি নবায়নের কোনো লক্ষণও নেই। জার্মান কোচ জোয়াকিম লোর ভবিষ্যৎও তাই এখনো পরিষ্কার নয়। তবে ইনজুরিগ্রস্ত বালাক ঠিকই নিশ্চিত করে ফেলেছেন নিজের ভাগ্য। ইংলিশ ক্লাব চেলসিতে অপ্রয়োজনীয় হয়ে ওঠা বালাক নাম লিখিয়েছেন জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনে। বালাক নিজেই বলেছেন, লেভারকুসেনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। ওয়েবসাইট।