আমিনুরের হ্যাটট্রিকের পর বিদ্যুৎ-বিপর্যয়
পাইওনিয়ার লিগের উদ্বোধন করতে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল রাত আটটা নাগাদ সেটিরই মহড়া চলছিল স্টেডিয়ামে। ‘জোয়ার এসেছে জনসমুদ্রে...রক্তলাল... রক্তলাল’ গান বাজল। কিন্তু তার আগে ঘটে গেল বড়সড় বিদ্যুৎ-বিপর্যয়। ফেডারেশন কাপে দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচটি চলছিল মুক্তিযোদ্ধা-নোয়াখালী ফুটবল একাডেমির মধ্যে। দ্বিতীয়ার্ধে ২৮ মিনিট খেলা চলার পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে গেল দ্বিতীয়বারের মতো। প্রথমবার মিনিট পাঁচেক পর বিদ্যুৎ এলেও দ্বিতীয়বার ৪০ মিনিট অপেক্ষার পরও বিদ্যুতের দেখা মেলেনি। নিয়ম অনুযায়ী রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে চলে যান। এর আগ পর্যন্ত ইউসুফের দেওয়া দুই গোলে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। যদিও বৃথাই গেল তা। ম্যাটটি পুরো ৯০ মিনিট আবার হবে।মজার ব্যাপার, ম্যাচ পরিত্যক্ত ঘোষণার মিনিটে দুয়েকের মধ্যেই বিদ্যুৎ এসে যায়। পুরো স্টেডিয়ামে আলোর ঝলকানি স্বাভাবিকের চেয়েও বেশি দেখা গেল। কিন্তু এভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণটা জানাতে পারেনি বাফুফের কেউ। জাতীয় গ্রিড বিপর্যয়ের কথা বললেন কেউ কেউ। সেটিই যদি হয়, তা হলে ফ্লাডলাইট ছাড়া স্টেডিয়ামের আশপাশে বিদ্যুৎ ছিল কেন? আসলে এমন একটা আয়োজনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাফুফের যে তৎপরতা থাকা দরকার, সেটি দেখা যাচ্ছে না। একটা ম্যাচে দুবার বিদ্যুৎ-বিভ্রাট হওয়ার অর্থ তো ব্যাপারটি নিয়ে সংশ্লিষ্টদের গা-ছাড়া মনোভাবের বহিঃপ্রকাশ। কালকের আলামত দেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটে ফেড কাপের ম্যাচ নির্বিঘ্নে চালানো যাবে কি না, তা নিয়ে শঙ্কার যথেষ্ট কারণ আছে।বিদ্যুৎ-বিভ্রাট এদিন পেছনে ঠেলে দিয়েছে বিকেএসপির ছাত্র আমিনুর রহমানকে। তাঁর হ্যাটট্রিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। গ্রামীণফোন ফেড কাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম দিনেই হ্যাটট্রিক করেছিলেন মোহামেডানের ওয়াসিও ওলালেকান। আমিনুর গতবার ফরাশগঞ্জের হয়ে বদলি হিসেবে ৭-৮টা ম্যাচ খেলেছেন ঢাকার মাঠে। কাল ১৫, ৫৩, ৮৩ মিনিটে এসেছে তাঁর তিনটি গোল। হ্যাটট্রিকের আনন্দ নিয়ে চট্টগ্রামের এই তরুণ বললেন, ‘ঢাকার মাঠে প্রতিষ্ঠিত হওয়াই আমার লক্ষ্য।’