আমিনুল যখন ‘মুক্ত দর্শক’
কাল মাঠে ছিলেন আমিনুল হক। তবে খেলোয়াড় হিসেবে নয়। এদিন তিনি দর্শক। ১৫ বছর পর ‘মুক্ত দর্শক’ হয়ে দেখলেন লাল-সবুজের খেলা। যে দলটাকে বিদায় জানিয়েছেন কয়েক দিন আগে।বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে। বৃষ্টিভেজা বঙ্গবন্ধু স্টেডিয়াম উৎফুল্ল। দর্শক-ভিড়ে আমিনুলও আপ্লুত। মাঠে নেই বলে একটু অতৃপ্তি থাকলেও দলের খেলা তাঁকে সব ভুলিয়ে দিয়েছে, ‘আমি নিজে খেলছি না। একটু খারাপ তো লাগছেই। তবে সব ভুলে যাচ্ছি আমাদের দলের পারফরম্যান্সে। দারুণ, দারুণ লাগছে।’সকালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে এসেছেন হোটেলে গিয়ে। নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কি আমিনুলকে একান্তে ডেকে নিয়ে কথা বলেন। জানতে চান, কেন এই অবসর? নতুন কোচকে নিজের যুক্তি দেখিয়েছেন আমিনুল হক। নিজেই জানাচ্ছেন, ‘কোচ আমাকে দলে চান। বলেছেন, তোমাদের মতো অভিজ্ঞ খেলোয়াড় আমার দরকার। তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে তোমাকে নিয়ে সারা দেশে যাব আমি। এই পর্যায়ে বাদলদা (বাদল রায়) কোচকে বললেন, “তুমি পাকিস্তান থেকে আসো, আমিনুলকে দিয়ে দেব তোমার সঙ্গে।” আমি বলেছি, কোচ চাইলে দলকে যেকোনোভাবেই সাহায্য করতে প্রস্তুত আমি।’