আমিনুলদের হংকং-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজবেকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে পরাজয় ধরে নিয়েই গুয়াংজু গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। দুটি দলের কাছেই হার ০-৩ গোলে। আজ গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচ জিতে সেরা চারটি তৃতীয় দলের একটি হয়ে এশিয়াড ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখছিল বাংলাদেশ দল। কিন্তু সেই সম্ভাবনা আদতে নেই বললেই চলে।যদিও হংকংয়ের সঙ্গে জয়-পরাজয়-ড্র—সব অভিজ্ঞতাই আছে বাংলাদেশের। জয়টা ছিল ২০০৭ সালে অলিম্পিক বাছাইয়ে হংকংয়ের মাঠে (১-০)। ড্র (২-২) ২০০৩ সালে এশিয়ান কাপের বাছাইয়ে। সেই হংকং বদলে গেছে অনেক। যার প্রমাণ এবার এশিয়াডে উজবেকিস্তানের বিপক্ষে তাদের ১-০ জয়। আরেক শক্তিশালী গ্রুপ প্রতিপক্ষ আমিরাতের সঙ্গে ১-১। এই হংকংকে হারানো বাংলাদেশের জন্য অনেক কঠিন।দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে গ্রুপ শীর্ষে আমিরাত ও হংকং। সমান ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ৩। উজবেকিস্তানকেই গ্রুপ-সেরা ভাবা হচ্ছিল, আজ আমিরাতের কাছে হারলে সেরা তিনে থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। হংকংয়েরই বরং গ্রুপ-সেরা হওয়ার সম্ভাবনা বেশি!বাংলাদেশের বড় চিন্তা নিজেদের নিয়েই। অসুস্থ শরীর নিয়েই খেলে যাওয়া গোলরক্ষক আমিনুল শেষ ম্যাচে আহত হলে কী হবে? এই শঙ্কায় কাঁপছে বাংলাদেশ দল। পাশাপাশি ইনজুরির তালিকা আরও লম্বা করে শেষ ম্যাচ খেলতে পারছে না মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান।