আমিনুলের সফল অস্ত্রোপচার
গত পরশু হাঁটুতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। এখন মাঠে ফেরার লড়াই। তিন মাসের মধ্যে ফিরতে পারবেন বলে আশাবাদী গোলরক্ষক আমিনুল হক। কাল টেলিফোনে বলছিলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছে। ডাক্তার বলেছেন তিন মাসের মধ্যে ফিরতে পারব, আমারও বিশ্বাস এর বেশি সময় লাগবে না।’
অ্যাপোলো হাসপাতাল থেকে আমিনুল ছাড়া পাবেন আরও দু-এক দিন পর। ফেডারেশন কাপের ফাইনালটা তাই হাসপাতালের বিছানায় শুয়েই টিভিতে দেখতে হবে মুক্তিযোদ্ধার গোলরক্ষককে। তাঁর দল আগামীকাল মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে খেলছে শক্তিশালী শেখ জামালের বিপক্ষে।
বিজেএমসির বিপক্ষে সেমিফাইনালে চোট পান বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল। তাঁর বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ওই ম্যাচে রেফারি জালাল উদ্দিন বিতর্কিত পেনাল্টি দেন মুক্তিযোদ্ধার বিপক্ষে। পেনাল্টিতে ম্যাচ ১-১ করে বিজেএমসি, শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠে মুক্তিযোদ্ধা। পেনাল্টির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হইচই করায় বাফুফের শৃঙ্খলা কমিটি কাল মুক্তিযোদ্ধাকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে দলটির ম্যানেজার আবদুস সাত্তার, গোলরক্ষণ কোচ মোহাম্মদ পনির ও সহকারী কোচ আবদুল কাইয়ুমকে (সেন্টু) সতর্ক করে দেওয়া হয়েছে।