আমিনুলের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের কোচ-সংকটের সমাধান হয়নি। বিদেশি কোচের ব্যাপারে আরও দু-তিন দিন অপেক্ষা করবে বাফুফে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচ ২৯ জুন। ফিরতি ম্যাচটা ৩ জুলাই লাহোরে হওয়ার কথা। তবে ম্যাচটা ঢাকায় বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের ব্যাপারে বাফুফে শেষ মুহূর্তে ফিফার কাছে আবেদন করেছে। ফিফা গতকাল পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ দলের সদ্য সাবেক কোচ রবার্ট রুবচিচ যে ২৭ জনকে প্রাথমিক দলে ডেকেছিলেন, তাঁদের মধ্যে অবসর নিয়েছেন আমিনুল, রজনী ও মতিউর মুন্না। আমিনুলকে দলে থাকার জন্য বাফুফে অনুরোধ করেছিল, কিন্তু কাল আমিনুল তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা অনুমেয়ই ছিল। ‘সিদ্ধান্ত পাল্টাব না। ফেডারেশকে তা জানিয়ে দিয়েছি’—বলেছেন এই গোলরক্ষক। বাকি ২৪ জনকে নিয়ে আগামী পরশু বিকেএসপিতে প্রস্তুতি শুরু হবে। কাল সংশ্লিষ্ট কর্মকর্তারা বসে এ সিদ্ধান্ত নিয়েছেন। দলে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্কের তরুণ জামাল ভূঁইয়া। তাঁর ব্যাপারে ফেডারেশনের মনোভাব ইতিবাচক। তবে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে জামালের। এই অবস্থায় ২০ জনের চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। যদিও পরবর্তী সময়ে অবশ্যই তাঁকে সুযোগ দিতে চান কর্মকর্তারা।বিদেশি কোচ না পাওয়া পর্যন্ত স্থানীয় কোচ গোলাম জিলানী থাকছেন দলের সঙ্গে। উপদেষ্টা কোচ থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু।