আমির-অভিষেকরা যখন মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির-হৃতিকদের ফুটবল
আমির-হৃতিকদের ফুটবল

২০১৪ ফুটবল বিশ্বকাপের আমেজ এখনো যেন বাতাসে ভাসছে। সেই রোমাঞ্চ থাকতে থাকতেই এবার ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ছেন আমির খান, অভিষেক বচ্চন, হূতিক রোশনরা। সালমান খানের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সম্ভবত খেলেননি। তবে খেলেছেন বাঙালি বাবু রাহুল বোস। গতকাল মুম্বাইয়ে এই বলিউড তারকারা একটি দাতব্য ফুটবল ম্যাচ খেলেছেন। এই ম্যাচের আয়োজক ছিলেন আমিরের মেয়ে ইরা খান।
ইরা একটি বেসরকারি দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেন। বেওয়ারিশ পশুদের দেখভাল করে এই সংস্থা। সেই সংস্থার জন্য তহবিল গড়ে তুলতে এই ফুটবল ম্যাচের আয়োজন।
ম্যাচের আগে ইরা সংশয় প্রকাশ করেছিলেন বাবা আমিরের ফুটবল প্রতিভা নিয়ে, ‘বাবা খুব একটা ফুটবল খেলেন না। তাই বুঝতে পারছি না তিনি কেমন খেলবেন। দেখা যাক ম্যাচে তিনি কেমন করেন।’ বাবা শেষ পর্যন্ত মেয়ের উদ্বেগ দূর করে বেশ ভালোই খেলেছেন।
শুধু তারকাদের ফুটবল উপভোগ করাই নয়, আমিরের ভাগনে ইমরান খানের ফেরারিতে চড়ে ঘুরে বেড়ানো কিংবা আমিরের সঙ্গে একটা দিন কাটানোর সুযোগও ছিল এদিন সাধারণ দর্শকদের জন্য। তবে অবশ্যই এর জন্য মূল্য দিতে হয়েছে। আর সেই টাকা সরাসরি চলে গেছে দাতব্য তহবিলটিতে।