আমির-আসিফ জুটি বিশ্বসেরা: বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির-আসিফের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট জিতেছে পাকিস্তান। ঐতিহাসিক জয় দিয়ে শুরু হয়েছে নতুন অধিনায়ক সালমান বাটের। পাকিস্তানের বোলিংয়ের এই উদ্বোধনী জুটির পারফরম্যান্সে এতটাই খুশি যে আমির-আসিফ জুটিকে বিশ্বসেরা বলে ঘোষণা দিয়েছেন বাট।ক্রিকইনফোকে সালমান বাট বলছেন, ‘মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও উমর গুলের পারফরম্যান্স অসাধারণ। নিঃসন্দেহে আমি বলতে পারি, আমির-আসিফ জুটি এ মুহূর্তে বিশ্বসেরা। আর পুরোনো বলে ভয়ংকর গুল।’ এ তিনজনকে পাকিস্তানের তুরুপের তাস হিসেবে আখ্যায়িত করে বাট বলেন, ‘তাদের মতো বোলার পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।’অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে আমির ও আসিফ একত্রে ২২টি উইকেট শিকার করেন। প্রথম টেস্টে হার এড়াতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই সিরিজে সমতা এনে দেন তাঁরা। সামনে পাকিস্তানের ব্যস্ত সূচি বলে আশঙ্কার কারণও আছে। আসিফ বা আমির চোট পেলে বড় ধরনের সমস্যায় পড়ে যাবে পাকিস্তান। তবে বাট বলছেন, ‘আমরা বোলারদের সঙ্গে কথা বলব। যদি কেউ ভালো অনুভব না করে তাহলে অবশ্যই তার বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে।’