আমির-বাটের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেওয়ায় আইসিসিকে অভিযুক্ত করেছেন সালমান বাট ও মোহাম্মদ আমির। শুনানি শেষে দেশে ফেরার পর পাকিস্তানের এ দুই ক্রিকেটারের দাবি, তাঁদের বিরুদ্ধে স্পট ফিক্সিং করার কোনো প্রমাণ আইসিসির কাছে নেই। তার পরও আইসিসির অন্যায় আচরণের শিকার হতে হচ্ছে তাঁদের।করাচি বিমানবন্দরে ক্ষোভের সুরে সালমান বাট বলেন, ‘তাদের (আইসিসি) কাছে কোনো প্রমাণ নেই। পূর্ণাঙ্গ শুনানির তারিখ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আমরা পুরোপুরি হতাশ। এটা পাকিস্তানকে একঘরে করে রাখার ষড়যন্ত্র মাত্র।’১৮ বছর বয়সী মোহাম্মদ আমির বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, পাকিস্তান ক্রিকেটকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। আমরা দুঃখিত ও হতাশ। আপিল কেন খারিজ করে দেওয়া হলো, তা আমাদের জানানো হয়নি। শুনানির রায় আগে থেকেই নির্ধারিত ছিল। আমরা চাই, সত্য ঘটনা বের হয়ে আসুক।’লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ২ নম্বর ধারা অনুযায়ী আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন ক্রিকেটারই আপিল করেন। কিন্তু আসিফ তাঁর আবেদন প্রত্যাহার করে নেওয়ায় শুধু বাট ও আমিরের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।—রয়টার্স।