আমিরকে নিয়ে নতুন বিভ্রান্তি
একটি সুখবর শুনেছিলেন মোহাম্মদ আমির। কিন্তু সুখবরটি আসলেই খবর নাকি গুঞ্জন, সেই ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ক্রিকেটে ফিরে আসার পথে বড় ধরনের একটা বাধার দেয়াল উঠে গেছে আমিরের জন্য। পাকিস্তানি এই বোলারকে আপাতত এক বছরের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। এই এক বছর আইসিসির পর্যবেক্ষণের আওতায় থাকবেন আমির। এরপর তাঁর পারফরম্যান্স ও আচরণ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএনআইয়ের রবাত দিয়ে এই খবর প্রকাশ করেছিল জি নিউজ। কিন্তু আইসিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আইবিএনের ক্রিকেটনেক্স জানিয়েছে, আইসিসির তরফ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পাকিস্তানের জন্য বড় সম্পদ হিসেবে শুরুর দিকেই নিজেকে প্রতিষ্ঠা করা আমির লোভের ফাঁদে পা দিয়ে ২০১০ লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এই অপরাধে তাঁর সঙ্গী ছিলেন দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফ। বাট-আসিফ দুজন নিজেদের নির্দোষ দাবি করলেও আমির শুরুতেই সব দোষ স্বীকার করে নিয়ে তদন্তে সব রকম সাহায্য করেন। তাঁর সহযোগিতার ফলে তদন্তকাজ অনেক সহজও হয়ে গিয়েছিল।
জি নিউজের খবরটিতে বলা হয়েছে, দোষ স্বীকার, অনুতাপ, বয়স, ভবিষ্যত্—সবকিছু বিবেচনা করে আমিরের ব্যাপারটি বিশেষ বিবেচনায় দেখছে আইসিসি। আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদটি আরও শিথিল করা যায় কি না, সেটিও ভেবে দেখা হচ্ছে। তবে আইবিএনের খবরটি জন্ম দিয়েছে বিভ্রান্তির।