সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পরাজয়ের ব্যবধানটা ছোট নয়; যথেষ্ট বড়। ৫৯ রানে। একটি টেস্ট খেলুড়ে দেশের যুবদলের বিপক্ষে এই জয় আমিরাতের ক্রিকেটকে উদ্দীপ্ত করলেও এই পরাজয় নিঃসন্দেহে লজ্জায় ফেলে দেবে বাংলাদেশের ক্রিকেটকে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এসিসি ইমার্জিং টিমস কাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হারের পর সেমিফাইনালে খেলতে আমিরাতকে আজ হারাতেই হতো বাংলাদেশের। অপরদিকে সেমির টিকিট পেতে এই ম্যাচ ছিল আমিরাতের জন্য ‘ডু অর ডাই’। আমিরাতের জন্য চাপের এই ম্যাচ উল্টো কলঙ্ক হয়ে আসল বাংলাদেশের ক্রিকেটে। সিঙ্গাপুরের পাদাং মাঠে ফিরে এল ১৯৯৪ সালের আইসিসি ট্রফির দুঃসহ স্মৃতি। ১৯ বছর আগে কেনিয়ার মাঠে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়সমৃদ্ধ আরব আমিরাতের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ওই পরাজয়ের পর কোনো পর্যায়ের ক্রিকেটেই আমিরাতের বিপক্ষে হারেনি বাংলাদেশের কোনো দল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। উদ্বোধনী ব্যাটসম্যান শাইমান আনোয়ারের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে ২০২ রান তোলে আমিরাত। বাংলাদেশের নূর হোসেন ৩১ রানে ৩ উইকেট দখল করেন। কৃতিত্বের সঙ্গে হাত ঘোরান আসিফ আহমেদও। ১৯ রানের বিনিময়ে ২ উইকেট তাঁর। এ ছাড়া নাজমুল ইসলাম, মাহমুদুল হাসান ও সৌম্য সরকার যথাক্রমে ৩২, ৩৪ ও ৫ রান দিয়ে একটি করে উইকেট নেন।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে মন্দ ছিল না বাংলাদেশ দলের। ৫০ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই ম্যাচটি আমিরাতের হাতে তুলে দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সৌম্য সরকার ৩০, রনি তালুকদার ২১, মাইশুকুর রহমান ৩৪, মিথুন আলী ১৫ এবং আসিফ আহমেদ ১৮ রান করে নিজেদের ইনিংসের শুরুটা করলেও শেষটা করে যেতে পারেননি। এই পাঁচ ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা না ছুঁতে পারায় ১৪৩ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের যুবদলের ইনিংস। আমিরাতের নাসির আজিজ ১৭ রানে ৫ উইকেট নিয়ে ভেঙে দেন বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। নাসিরের পাশাপাশি আহমেদ রাজা ২২ রানে নেন ৩ উইকেট।