আমিরাতের কাছেও হারল অনূর্ধ্ব-২৩
‘আমরা যখন খেলতাম, ভারতীয়-পাকিস্তানিদের নিয়ে আমিরাত অনেক শক্তিশালী দল ছিল। কিন্তু এখন আমাদের সঙ্গে ওদের ব্যবধানটা অনেক। ভীষণ হতাশ হয়েছি, এমন কিছু মোটেও আশা করিনি’—দেশের ক্রিকেটাঙ্গনের হতাশাটাই যেন উঠে এল যেন প্রধান নির্বাচক আকরাম খানের কণ্ঠে। এই হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে কাল বিদায় নিয়েছে সিঙ্গাপুরে ইমার্জিং কাপ থেকে। যদিও আমিরাতের জাতীয় দল খেলেছে, তার পরও শক্তি ও মান বিবেচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনায়াস জয়টাই ছিল প্রত্যাশিত। সেখানে কিনা ৫৯ রানে হার! কাল আফগানিস্তানের কাছে ২৮ রানে হেরেছে ভারত অনূর্ধ্ব-২৩। তবে হারলেও তারা সেমিফাইনালে উঠেছে।
২০৩ রান তাড়া করতে নামা বাংলাদেশের রান একসময় ছিল ৩ উইকেটে ১৩৩। কিন্তু অফ স্পিনার নাসির আজিজের বোলিংয়ে (৫/১৭) ১০ রানের মধ্যে নেই শেষ ৭ উইকেট, অলআউট ১৪৩ রানেই! গ্রুপে সমমানের দল ছিল শুধু একটি, সেমিফাইনাল ওঠাটাই ছিল প্রত্যাশিত। সিঙ্গাপুরের সঙ্গে জয়ে শুরু করলেও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ও আমিরাতের কাছে হেরে বিদায় গ্রুপ পর্বেই। আকরাম মেনেই নিতে পারছিলেন না এই ফল, ‘এই দলের সবাই অনেক প্রতিশ্রুতিশীল, অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছে। অনূর্ধ্ব-১৯, ২০ ধাপগুলো পেরিয়ে এসেছে। ওদের পেছনে বোর্ডের অনেক বিনিয়োগ, প্রস্তুতিও ছিল দারুণ। এভাবে বিদায় নিতে হবে ভাবতেও পারিনি।’
এই ধাক্কায় দেশের ক্রিকেট নিয়ে একটা শঙ্কার কথাও শোনালেন আকরাম, ‘আমি আগেও বলেছি, আমরা আগের মতো তরুণ ক্রিকেটার পাচ্ছি না। সংখ্যায় যেমন, তেমনি মানেও। গত দুই বছরে মনে হয় না আলাদা করে নজর কাড়তে পেরেছে কোনো তরুণ ক্রিকেটার। এদিকটায় আমাদের মনোযোগ দিতে হবে। আর ‘এ’ দল ও অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা খুব ভালো একটা সুযোগ হারাল। এই সফরে ভালো করতে পারলে জাতীয় দলের ঢোকার পথ সুগম হতো। সুযোগটা ওরা নিতে পারল না।’