আগে চেষ্টা করেও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ জোগাড় করতে হিমশিম খেতে হতো বাংলাদেশকে। সেই দিন বদলেছে। বাংলাদেশের মাঠের ফল যা-ই থাকুক, বিদেশ থেকে ম্যাচ খেলার ডাক কিন্তু আসছে। ২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম ও শেষ ম্যাচ খেলার আগে যেমন দুটি দেশ বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সম্প্রতি।
বাহরাইনের সঙ্গে খেলার সম্ভাবনাই বেশি ছিল। তবে শেষ পর্যন্ত কাল সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবেই সাড়া দিয়েছে বাফুফে। বাংলাদেশ ১৭-২১ মার্চ পর্যন্ত সেখানে থাকতে চেয়েছে, তাতেই রাজি হয়ে বাংলাদেশকে সব আতিথ্য দেবে আমিরাত। ১৮ মার্চ আমিরাতের মাঠে দুই দেশের প্রীতি ম্যাচটি পাবে ফিফা আন্তর্জাতিক মর্যাদা। একটি ম্যাচই যথেষ্ট ধরে নিয়ে ২১ মার্চ বাহরাইনের সঙ্গে সম্ভাব্য ম্যাচটা তাই নাকচই করে দিয়েছে বাফুফে।
সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের জোড়া ব্যর্থতার পর এটিই এখন পর্যন্ত জাতীয় দল নিয়ে বাফুফের বড় সাংগঠনিক কাজ। তা ছাড়া পূর্ণাঙ্গ একটি জাতীয় দল কমিিটও গঠন করা হয়েছে কাল। যে কমিটি এত দিন কাগজে-কলমে থাকলেও বাস্তবে পুরোপুরি ছিল না। দু-একজন কর্মকর্তাই এটি চালিয়ে নিয়েছেন। অবশেষে ফেডারেশনের হুঁশ ফিরেছে। বিলম্বিত সেই উপলব্ধি থেকে পুনর্গঠিত কমিটির নেতৃত্বে অবশ্য আগের মুখগুলোই। ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান যথারীতি বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। কো-চেয়ারম্যানও অপরিবর্তিত—আরেক সহসভাপতি তাবিথ আউয়াল।
ওদিকে সাফের ব্যর্থতা খুঁজে বের করতে গঠিত ‘ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটি’ এখনো বাফুফেকে আনুষ্ঠানিক প্রতিবেদন দেয়নি। দ্রুতই সেই প্রতিবেদন দেওয়ার কথা জানালেন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আসলাম। প্রতিবেদনে কী থাকবে, সে ব্যাপারে কিছু বলতে রাজি নন সাবেক এই ফুটবলার, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা আরও সভা করব।’
তবে কমিটির সদস্য ও সাফে বাংলাদেশের দলনেতা আজমল আহমেদ তপন জানালেন ভিন্ন কথা, ‘আমরা একটা খসড়া তৈরি করছি। সেখানে কিছু খেলোয়াড়ের ব্যাপারে আলাদা একটা পর্যবেক্ষণ থাকবে। ফিটনেসের অভাব, শৃঙ্খলাভঙ্গ, বাজে ফর্মসহ অনেক কিছু বিবেচনায় নেব। সাত-আটজন খেলোয়াড়ের জাতীয় দলে আর প্রয়োজন আছে বলে মনে করি না। সেটাই রিপোর্টে দিতে চাই।’ জানা গেছে, ওই নামগুলো হতে পারে অধিনায়ক মামুনুল ইসলাম, ইয়াছিন, সোহেল, সোহেল রানা, জুয়েল রানা, মিঠুন, এমিলি ও মিশু।