আমিরে মুগ্ধ আকরাম
৮ টেস্টে ২১ উইকেট। চলতি লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নেওয়া ৪টি ধরে সংখ্যাটা ৯ টেস্টে ২৫। মোহাম্মদ আমিরকে ভালো বোলার বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট। তবে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামের চোখে আমির ভালোর চেয়েও বেশি কিছু, ‘১৮ বছর বয়সে আমি যা ছিলাম, তার চেয়েও বেশি বুদ্ধিমান বোলার সে।’লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছেন আমির। অস্ট্রেলিয়াকে ২৫৩ রানে অলআউট করতে বড় অবদানটা তাঁরই—৪ উইকেট নিয়েছেন ৭২ রানে। শেষের উইকেটটি ডগ বলিঙ্গারের, আমিরের দারুণ এক ইনসুইং ইয়র্কারে বোল্ড অস্ট্রেলীয় ব্যাটসম্যান। আকরাম এই আউটে রীতিমতো মুগ্ধ, ‘লর্ডসে আমিরকে ভালো বোলিং করতে দেখাটা রোমাঞ্চকর। সে দারুণ এক প্রতিভা। বোলিংয়ে গতি আছে, আছে বাউন্স। দুই দিকেই বল সুইং করাতে পারে ও, যা আদর্শ বোলারের জন্য দরকার। এটা তার উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত।’গত বছর জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক মোহাম্মদ আমিরের। মাত্র এক বছরের মধ্যেই পাকিস্তান দলে নিজের জায়গা পাকা তো করেছেনই, দলের মূল স্ট্রাইক বোলারের জায়গাটিও এখন তাঁর। আমিরের গতি, বল সুইং করানোর দক্ষতা দেখে টিভি ধারাভাষ্যকারেরা তাঁকে ওয়াসিম আকরামের সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন। আকরামও মানছেন, ‘শুরুটা তার দারুণ হয়েছে, দ্রুত শিখছেও। কাজেই তার সেরা বোলারদের একজন না হওয়ার কোনো কারণ দেখি না আমি।’কেউ কেউ অবশ্য এমনটাও বলেছে, আমিরের শারীরিক গড়ন ফাস্ট বোলার হওয়ার জন্য আদর্শ নয়। আকরাম তাদের সঙ্গে দ্বিমতই পোষণ করেন, ‘ওর বয়স মাত্র ১৮। আমি নিশ্চিত, আরও বেশি সময় জিমে কাটালে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক গঠনও আরও ভালো হবে।’আমিরের জন্য একটা পরামর্শও আছে আকরামের—বল করতে হবে স্টাম্পের আরও কাছাকাছি। সামনাসামনি দেখা হলে তাঁকে আরও কিছু টিপসও নাকি দেবেন ৪১৪টি টেস্ট ও ৫০২টি ওয়ানডে উইকেটের মালিক আকরাম। শুধু আকরামই নন, আমিরে মুগ্ধ পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজাও। শুরুর আকরামের চেয়ে শুরুর আমিরকে বেশি পরিণত বলে মনে করেন পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্যকার রমিজও। এএফপি।