আমিরের অনিশ্চিত ভবিষ্যৎ
ছয় মাসের জেলের সাজা মাত্র তিন মাসে পূর্ণ হয়েছে। কারাগার থেকে দ্রুত মুক্তি পেয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন মুক্ত আলোয়। কিন্তু নিঃশ্বাস দ্রুতই ভারী হয়ে আসছে এই হতাশায়—চাইলেও এখনই ক্রিকেটে ফিরতে পারবেন না মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নিয়ে প্রতিভার বিচ্ছুরণ ঘটানো এই বাঁহাতি।ব্যক্তি আমির জেল থেকে ছাড়া পেলেও ক্রিকেটার আমিরকে আসলে বন্দী করে রেখেছে এক অদৃশ্য কারাগার। স্পট ফিক্সিংয়ের অপরাধে গত বছর ফেব্রুয়ারিতে আইসিসি বিভিন্ন মেয়াদে পাকিস্তানের তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করে। বয়স বিবেচনায় সবচেয়ে কম শাস্তিটা আমিরই পেয়েছেন। তবুও সেটি পাঁচ বছরের। এই পাঁচ বছরে আমির আইসিসির সদস্যভুক্ত দেশগুলোর ক্রিকেট-সংক্রান্ত কোনো কার্যক্রমেই অংশ নিতে পারবেন না। শাস্তির সেই মেয়াদ শেষ হবে ২০১৬ সালে।এরই মধ্যে অবশ্য কেউ কেউ বলছেন, যথেষ্ট শাস্তি হয়েছে এই তরুণের। আইসিসির প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন নিষেধাজ্ঞা কমিয়ে দ্রুত তাঁর জন্য ক্রিকেটে ফেরার পথ খুলে দিতে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ পেসার ওয়াকার ইউনুসও আছেন সেই আহ্বানকারীদের দলে।তবে সেই আহ্বানে সাড়া দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন চেয়ারম্যান জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বলেছিলেন, অতীতে পিসিবি প্রধানেরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে ভুলের যে নজির গড়েছেন, সেই পথে তিনি হাঁটবেন না। আমিরের ভবিষ্যৎ প্রশ্নে আশরাফ আবারও জানালেন, আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হওয়ার পরেই কেবল জাতীয় দলে আমিরকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। পিসিবির পক্ষ থেকে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর আবেদনও করা হবে না।‘আমিও চাই, আমির জাতীয় দলে ফিরে আসুক, কিন্তু সেটা তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ পূর্ণ হওয়ার পর সব আইনি বাধা দূর হলেই’—সাংবাদিকদের বলেছেন আশরাফ। আমিরের প্রশ্নে পিসিবি আইসিসির বেঁধে দেওয়া সব নির্দেশ অক্ষরে অক্ষরে অনুসরণ করবে। এখন তাদের পরবর্তী কাজ হবে আমিরকে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) একটি পুনর্বাসন কর্মসূচিতে নিয়ে যাওয়া। এই কর্মসূচিতে ক্রিকেট-সংক্রান্ত বিভিন্ন অপরাধ ও এর প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে আমিরকে। দেওয়া হবে নৈতিকতা বোধের শিক্ষাও।২০১৬ সালের আগে তাই ক্রিকেটে ফেরার আশা আমিরের না করাই ভালো! এএফপি।