আমিরের খেলা ছিল অনানুষ্ঠানিক: পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ক্লাবের মধ্যে অনানুষ্ঠানিক খেলায় অংশ নিয়েছেন আমির। ক্লাব দুটি রাওয়ালপিন্ডি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিবন্ধনপ্রাপ্ত নয়। তাই আমির এই খেলায় অংশ নেওয়ার ফলে আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ হয়নি। তা ছাড়া খেলার সময় বোর্ডের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পরও মোহাম্মদ আমির কীভাবে ক্লাব ক্রিকেটে অংশ নিলেন, আইসিসির এ প্রশ্নে এভাবেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবি এক তথ্য বিবরণীতে জানিয়েছে, আইসিসির আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ করে আসছে বোর্ড। কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘিত না হয়, তার জন্য আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে আবারও সতর্ক করে দেওয়া হয়েছে।বোর্ডের একজন কর্মকর্তার দাবি, এ খেলায় আমির মাত্র কয়েকটি ওভার বোলিং করেছেন। পুরো ম্যাচ তিনি খেলেননি। প্রতিযোগিতায় খেলায়াড়দের তালিকায়ও আমিরের নাম নেই। ম্যাচটিতে তাঁর অংশ নেওয়ার বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না।লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে গত বছরের সেপ্টেম্বরে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞায় বলা হয়, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে ওই ক্রিকেটারদের। তার পরও গত সোমবার একটি ক্লাবের হয়ে প্রীতি ম্যাচে অংশ নেন আমির। পিসিবির কাছে লিখিতভাবে এর ব্যাখ্যা চেয়েছিল আইসিসি। ক্রিকইনফো।