আমিরের জন্য সহানুভূতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাবার্তা-আচরণে বিনয়ী, মুখে সব সময়ই লেগে আছে হাসি। বল হাতে পেলেই আবার পাল্টে যায় চেহারা। প্রথম বল থেকেই নিজেকে উজাড় করে দেন, প্রতিটি বলেই যেন চুরমার করে দিতে চান প্রতিপক্ষকে। এত দিন এই ছিল তাঁর ভাবমূর্তি।শুধু পাকিস্তানের নয়, মোহাম্মদ আমিরকে মনে করা হচ্ছিল বিশ্ব ক্রিকেটেরই পরবর্তী মহাতারকা। এই বয়সেই তাঁর পরিণত মস্তিষ্ক নিয়ে যে এত প্রশংসা, কে জানত সেই মস্তিষ্ক এতটাই ‘পরিণত’ যে পা বাড়াবেন অবৈধ পথে!প্রতিটি উইকেট পাওয়ার পর তাঁর যে উচ্ছ্বাস, অল্পের জন্য উইকেট না পেলে যে হতাশা, লর্ডসে ৫ উইকেট নিয়ে টেস্টে ৫০ উইকেট ছোঁয়ার পর ‘হোম অব ক্রিকেটের’ পবিত্র ঘাসে সেই সিজদা—সবই তো এখন মনে হচ্ছে মেকি! ‘স্পট ফিক্সিং’ কাণ্ডে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন সম্ভবত আমিরই। সবার মধ্যমণি থেকে ওয়াসিম আকরামের উত্তরসূরি এক ধাক্কায় হয়ে গেছেন জাতীয় শত্রু। তবে সবাই কিন্তু এই দলে নেই। যে বয়সের কথা ভেবে সবার এত বিস্ময়, সেই বয়সের কারণেই রমিজ রাজা, জিওফ লসন ও ডেরেক প্রিঙ্গলের মতো সাবেকদের সহানুভূতি পাচ্ছেন আমির।রমিজের বক্তব্যের সারমর্ম করলে যা দাঁড়ায়, তা হলো, ‘সঙ্গদোষেই ভেসেছেন আমির।’ ক্রিকইনফোকে সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘পুরো বিতর্কের সবচেয়ে খারাপ অংশটা হলো আমিরের জড়ানো। ও খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। মাত্র ১৮ বছর বয়স, এই কাঁচা বয়সের একজনকে প্রভাবিত করা খুবই সহজ। ওর সঙ্গীরা যদি খারাপ হয়ে থাকে, তাহলে ওকে ভুল পথে পরিচালিত করা খুবই সম্ভব। তবে সত্যিই যদি এটা হয়ে থাকে, তাহলে পর্দার পেছনের লোকদের প্রকাশ্যে আনা উচিত। কারণ, তারা সম্ভাব্য অসাধারণ একটি ক্যারিয়ারকে ধ্বংস করেছে। একটি কচি মনকে তারা কলুষিত করেছে, যা খুবই দুঃখজনক। আমিরের মতো একটি তরুণ আশার আলোর শুরুতেই নিভে যাওয়াটা হবে দারুণ একটা ট্র্যাজেডি।’সাবেক ইংলিশ পেসার ও বর্তমানে ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার ক্রিকেট প্রতিনিধি প্রিঙ্গলেরও একই ধারণা, ‘অভিযোগ প্রমাণিত হলে আমিরের শাস্তি হওয়া উচিত, তবে ধ্বংস করে দেওয়া উচিত নয়। যাদের শিক্ষা ও অভিজ্ঞতা আছে, তাদের নীতিবোধ পরিষ্কার থাকে, আমিরের হয়তো এই দুটোরই অভাব আছে। ওকে দুই দিক থেকে বিপথে চালিত করা হয়েছে—একদিকে বাজিকর, অন্যদিকে সালমান বাট-আসিফের মতো সিনিয়ররা। হ্যানসি ক্রনিয়েও তা-ই করেছিল, বেছে নিয়েছিল হার্শেল গিবস, হেনরি উইলিয়ামসের মতো নবীনদের।’সাবেক অস্ট্রেলীয় পেসার ও পাকিস্তানের কোচ লসন আবার পুরো ব্যাপারটাকে দেখতে বলছেন পাকিস্তানের আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে, ‘আমিরকে আমি প্রথম দেখেছিলাম, যখন ওর বয়স ১৬। যেটা আমার মনে গেঁথে গিয়েছিল, তা হলো ওর সার্বক্ষণিক হাসিমুখ ও খেলাটার প্রতি প্রবল উৎসাহ। সোয়াত উপত্যকার কাছের ছোট্ট এক গ্রাম থেকে এসেছিল ও, তালেবানরা পথ বন্ধ করে দেওয়ায় আসতে তিন ঘণ্টা দেরি হয়েছিল। আমাদের দেশে এমনটি কল্পনাও করা যায় না। আমাদের প্রেক্ষাপটে তাই সবকিছু বিবেচনা করলে চলবে না, করতে হবে পাকিস্তানের প্রেক্ষাপট থেকে, যা পুরো ভিন্ন। ফিক্সিংয়ের জন্য কাউকে ক্ষমা করে দেওয়ার পক্ষপাতী আমি নই। কিন্তু এমনও হতে পারে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বিদ্যুৎবিহীন নিজ গ্রামের জন্য একটি জেনারেটর কিনতে ওই টাকা সে নিয়েছে।’জিওফ লসন তো মোহাম্মদ আমিরকে প্রায় রবিনহুড বানিয়ে দিচ্ছেন! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।