আমিরের পাশে নেই পিসিবি
মোহাম্মদ আমিরের পাশে আর নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলে নিষিদ্ধ আমির আইসিসির আইন যে লঙ্ঘন করেছেন, সে ব্যাপারে পিসিবি কোনো রকম সহায়তা দেবে না তাঁকে। নিষেধাজ্ঞা অমান্য করে সারে লিগে খেলায় আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদটা বেড়ে যেতে পারে।নাম প্রকাশ না করে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘পিসিবি আর এটায় জড়াতে রাজি নয়। এমনকি আইসিসি আমিরের শাস্তি বাড়ালেও পিসিবি বিষয়টি থেকে দূরে থাকবে। কারণ, গত বছর পাকিস্তানের ক্রিকেট-সংক্রান্ত বিষয়ে আইসিসির বিশেষ টাস্ক ফোর্স গঠন করার সময়ই একটা শর্তই ছিল, কলঙ্কিত ক্রিকেটারদের কখনো সাহায্য করবে না পিসিবি।’সারে ডিভিশন ওয়ানের অডিংটন-সেন্ট লুকসের ম্যাচটিতে আমিরের খেলা নিয়ে আইসিসি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত করছে। এটি ইসিবির অনুমোদিত লিগ হওয়ায় নিষেধাজ্ঞা অমান্যের দায়ে ফেঁসে যেতে পারেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত আমির। পাকিস্তানি এই ফাস্ট বোলারের অবশ্য দাবি, সারে লিগে খেললে আইসিসির নিয়ম ভাঙা হবে না—কর্মকর্তাদের এমন আশ্বাস পাওয়ার পরই তিনি ম্যাচটি খেলেছিলেন। কিন্তু আমিরের এই দাবি টিকবে বলে মনে হয় না। ‘পরিস্থিতিটা আমিরের জন্য ভালো নয়। কারণ, কয়েক মাস আগেও রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলার কথা জানাজানি হলে আইসিসি তাঁকে সতর্ক করে দিয়েছিল’—বলেছে পিসিবির ওই সূত্র।শেষ পর্যন্ত শাস্তি কী হয়, সেটা সময়ই বলবে। তবে পিসিবি তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে—পুরো ব্যাপারটাই এখন সরাসরি আমির, আইসিসি ও ইসিবির। ওয়েবসাইট।