আমিরের প্রতি কোনো দয়া নয়: ইজাজ বাট
বয়স মাত্র ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এক বছর ধরে। অল্প দিনেই মোহাম্মদ আমির হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। অথচ সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক! তার পরও দাবি উঠেছে, লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও বয়স কম বলে আমিরকে যেন আজীবন নিষিদ্ধ করা না হয়। তবে বয়স যা-ই হোক, আমিরের প্রতি কোনো দয়া নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাত্ করতে নয়াদিল্লিতে তাঁর বাসায় গিয়েছিলেন ইজাজ বাট। প্রায় ৭৫ মিনিট ধরে চলা বৈঠকে লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয়েছে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের আরও উন্নতি করতে আইসিসির সহযোগিতাও কামনা করেছেন পিসিবির প্রেসিডেন্ট। বৈঠক শেষে ইজাজ বাট বলেন, ‘প্রথমে বলা হয়েছিল লর্ডস টেস্টে ম্যাচ ফিক্সিং হয়েছে। পরবর্তী সময়ে আনা হয় স্পট ফিক্সিংয়ের অভিযোগ। তবে যা-ই হোক, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। একই অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি হওয়ার সুযোগ নেই। এখানে বয়স বিবেচ্য বিষয় নয়। সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে। আমিরের প্রতি কোনো দয়া নয়।’পাকিস্তানের তিনজন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে বহিষ্কার করার পর শারদ পাওয়ারের ওপর দোষ চাপিয়েছিল পাকিস্তান। আইসিসির প্রেসিডেন্ট ভারতীয় বলেই নাকি পরিকল্পিতভাবে বহিষ্কার করা হয়েছিল ক্রিকেটারদের। তবে ইজাজ বাট বলেন, ‘পাওয়ারের সঙ্গে আমার বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আইসিসির বহিষ্কারের সিদ্ধান্তের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে, এমনটা মনে করি না আমি। আমি রাজনীতিবিদ নই। দুই দেশের সম্পর্ক যত দ্রুত সম্ভব আরও বন্ধুত্বপূর্ণ হোক, এটাই চাই আমি।’—ক্রিকইনফো।