স্পট ফিক্সিংয়ে জড়িত মোহাম্মদ আমিরের বয়স, প্রতিভা ও দরিদ্র পরিবার থেকে উঠে আসায় তাঁর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এ অভিযোগকে ‘দুঃখজনক’ বর্ণনা করে মোশাররফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি পাওয়া উচিত।’ আজ বুধবার হংকংয়ে বিনিয়োগকারী ফোরামের বার্ষিক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মোশাররফ বলেন, দলের সবচেয়ে তরুণ খেলোয়াড় আমির দরিদ্র পরিবার থেকে উঠে আসায় এবং ক্রিকেটে তাঁর অবদানকে সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত। তিনি আরও বলেন, ‘দলের সিনিয়র খেলোয়াড়দের প্ররোচনায় আমির এটা করেছে।’গত মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বোলারদের নো বল করার ব্যাপারে পত্রিকায় স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় দলের ইংল্যান্ড সফর নিয়ে চরম সংকট সৃষ্টি হয়। ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডে এ অভিযোগ প্রকাশিত হলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আমিরসহ দলের অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফকে সাময়িক বরখাস্ত করে। এপি