আমিরের প্রায়শ্চিত্তের স্বপ্ন
কথাগুলো পুরোনো। তবে বারবার যখন বলছেন, মানে অনুভূতিগুলো এখনো তরতাজা। আত্মদহনে পুড়ছেন মোহাম্মদ আমির। তবে পুড়ে পুড়ে কি খাঁটি সোনাও হচ্ছেন? নিষিদ্ধ বাঁহাতি পেসার প্রতিশ্রুতি দিচ্ছেন, ফেরার পর নিজেকে উজাড় করে দেবেন দেশবাসী-ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফোটাতে। প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যতভাবে করা যায়।জেল থেকে ছাড়া পাওয়ার পর পরশুই প্রথম সাক্ষাৎকার দিলেন কোনো পাকিস্তানি টিভিকে। আবারও বললেন মনোবেদনার কথা, ‘পাকিস্তান দলকে কোথাও খেলতে দেখলে যে কষ্টটা লাগে, সেটা কেউ বুঝতে পারবে না। আমি দলের সঙ্গে থাকতে চাই। কিন্তু নিজের মনোবল ধরে রাখা আর সুন্দর ভবিষ্যতের আশা করা ছাড়া আমার কিছুই করার নেই। পুরো পৃথিবী ছিল আমার পদতলে কিন্তু নিজেই সব এলোমেলো করে ফেলেছি, এই উপলব্ধিটাই অনেক বড় শাস্তি।’আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন বয়স হবে মাত্র ২৩। দীর্ঘ এক ক্যারিয়ার তাই এখনো অপেক্ষা করছে দারুণ প্রতিভাবান এই পেসারের জন্য। আমিরও সেভাবেই প্রস্তুত করছেন নিজেকে, ‘বাড়িতে নেট আছে, জিমনেসিয়ামে যাচ্ছি। নিজেকে অনুপ্রাণিত করছি প্রতিনিয়ত। জানি, কঠোর পরিশ্রম করে আমি সবকিছুই অর্জন করতে পারি।’আমিরের দাবি, লর্ডসে স্পট ফিক্সিংয়ের আগে আর কোনো ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না, ‘২০১০ সালে যা হয়েছে, আমি আসলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একটা ফাঁদে পা দিয়েছিলাম। কেউ কেউ বলতে পারেন এটা লোভ, হয়তো তা-ই। তবে ওই ঘটনা ছাড়া আমি সব সময় সৎ ভাবেই খেলেছি।’ স্পট ফিক্সিংয়ের টেস্টেই অসাধারণ বোলিং করে পেয়েছিলেন ৮৪ রানে ৬ উইকেট। তবে ওই ‘একমাত্র’ অপরাধের দায় সেই সময়ের অধিনায়ক সালমান বাটকে দেননি আমির, ‘ভুলটা ছিল আমার। কারণ যেটাই হোক, এজন্য আমার আক্ষেপের শেষ নেই এবং সবার কাছে ক্ষমাও চেয়েছি। আমি কাউকে দোষ দেওয়া বা কাদা ছোড়াছুড়ি করতে চাই না, কারণ নানা বিতর্কে এমনিতেই পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির অনেক ক্ষতি হয়েছে।’ফিরে মাঠেই নিজের প্রায়শ্চিত্ত করতে চান আমির, করতে চান মাঠের বাইরে, ‘ফেরার পর পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করতে চাই আমি। আবার সুযোগ পেলে দেশবাসীকে অনেক আনন্দ ও গর্ব করার উপলক্ষ দিতে চাই। আমি চাই না আর কোনো ক্রিকেটারের আমার মতো পরিণতি হোক। হ্যান্ডকাফ পরানোর পর আমার মরে যেতে ইচ্ছে করছিল। আমি পিসিবি ও আইসিসিকে জানিয়ে দিয়েছি, দুর্নীতিবিরোধী যেকোনো প্রচারণায় ডাকলে আমাকে পাওয়া যাবে।’ ওয়েবসাইট।