আমিরের প্রেরণা স্যামুয়েলস
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন মোহাম্মদ আমির। একই ঘটনায় তিন মাস সাজাও খেটেছেন। তবে পাকিস্তানের তরুণ এই ফাস্ট বোলার আত্মবিশ্বাসী, আবারও ক্রিকেটে ফিরে আসতে পারবেন তিনি।পাকিস্তানি দৈনিক ‘ডন’ জানিয়েছে, এ মুহূর্তে আমিরের অনুপ্রেরণা মারলন স্যামুয়েলস। আমির নিজেই জানিয়েছেন কথাটা। ক্যারিবীয় তারকা এই অলরাউন্ডারকে অনুপ্রেরণা হিসেবে নেওয়ার কারণ, দুজনের অভিজ্ঞতা যে প্রায় একই রকম!জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ২০০৮ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্যামুয়েলস। নিষেধাজ্ঞা শেষে দুর্দান্ত প্রতাপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছেন তিনি। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদান রেখেছেন তিনি। গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তাই তো স্যামুয়েলসকে প্রেরণা হিসেবে নিয়েছেন আমির, ‘স্যামুয়েলস ফিরে আসতে পারলে আমিও পারব। আমার না পারার কোনো কারণ নেই।’আমিরের আত্মবিশ্বাসের আরেকটি বড় কারণ, তাঁর বয়স এখন মাত্র ২০ বছর। অনেক ক্রিকেটারের তো ৩০ বছর বয়সের পর অভিষেকই হয়! নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার চ্যালেঞ্জটা অভিষেকের মতোই মনে হচ্ছে আমিরের, ‘১৩ বছর বয়স থেকে স্বপ্ন দেখতাম, পাকিস্তান দলের হয়ে খেলব। এখনো একই রকম মনে হচ্ছে আমার। শুধু পার্থক্য, এখন আমার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। অনেক ক্রিকেটার আছে, যাদের অভিষেকই হয়েছে ৩০ বছরের বেশি বয়সে। এদিক থেকে আমার সামনে প্রচুর সময় পড়ে আছে।’আমির বলেন, ‘আমি আবারও ফিরে আসতে চাই, নতুন উদ্যমে এবং অনুকরণীয় হিসেবে। দোষ স্বীকার করে সবকিছু মেনে নিয়েছিলাম। কারণ, শান্তিতে থাকতে চেয়েছিলাম আমি।’২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট তাঁকে ছয় মাসের দণ্ড দেন। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৮ বছর। এ কারণে কারাগারের বদলে তাঁকে পাঠানো হয় কিশোর সংশোধনকেন্দ্রে। পুরো সাজা অবশ্য খাটতে হয়নি তাঁকে। তিন মাস সাজা খেটে এ বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন আমির।আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৯ সালের মাঝামাঝিতে। অল্প দিনেই তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের আশা-ভরসার প্রতীক। অনেকে তাঁকে দেখছিলেন ‘নতুন ওয়াসিম আকরাম’ হিসেবে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে তিনি শিকার করেন টেস্টে ৫০ উইকেট। সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক!