আমিরের লেগ স্পিনে চট্টগ্রামের জয়
একজন ক্রিকেটার ৪০টি প্রথম শ্রেণীর ম্যাচে রান করেছেন হাজার দেড়েক। লেগব্রেক বোলিংটা একটু জানেন, তাতেই হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন ২৫টি। এই পরিসংখ্যান নিয়ে পাকিস্তানের আমির খানের বাংলাদেশের জাতীয় লিগে খেলতে আসাটাই বিস্ময়। বিস্ময়টা আরও বাড়ছে এ কারণে, প্রথম ম্যাচেই নিয়েছেন ১২ উইকেট, দুই ইনিংসেই ৬টি করে। তাঁর লেগ স্পিনেই দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানে অলআউট ঢাকা বিভাগ। আর ২৬ রানে ম্যাচ জিতে চট্টগ্রাম আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে।বাংলাদেশে ভালো মানের লেগ স্পিনারের বড় অভাব। তাই লেগ স্পিন খেলার অনভ্যস্ততাই ফুটে উঠেছে ঢাকার ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে। দলটির মূল ৬ ব্যাটসম্যানের মিলিত রান মাত্র ৫৫ রান। আর যাঁদের দায়িত্ব বোলিং করা সেই পাঁচ বোলার মিলে করেছেন ১২১ রান। ঢাকার সেরা জুটিটির জন্ম ৭৭ রানেই ৭ উইকেটে হারিয়ে ফেলার পর। অষ্টম উইকেটে নাজমুল অপু ও মোশাররফ হোসেন গড়েন ৬০ রানের জুটি। মাহবুবুল ও শাহাদাতের শেষ জুটিতে আসে ৪১ রান। নয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অপু। এর আগে দিনের প্রথম ওভারেই চট্টগ্রামের শেষ উইকেটটি তুলে নেন আগের দিন ৬ উইকেট নেওয়া মোশাররফ হোসেন।যশোরে ২৮৬ রানের লক্ষ্যে ছোটা রাজশাহী তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৪৮ রানে। জয়ের জন্য আজ শেষ দিনে রাজশাহীকে করতে হবে আরও ২৩৮ রান। আগের দিনের ২ উইকেটে ৭৫ রানের সঙ্গে আরও ১৩৯ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে অলআউট কাল খুলনা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আনামুল হক এই ইনিংসেও করেছেন সর্বোচ্চ ৫৬।দুটি ম্যাচ মীমাংসিত। মীমাংসার পথে আরেকটি। তবে বগুড়ায় বরিশালের প্রথম ইনিংসটাই শেষ হতে দেয়নি বৃষ্টি। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে কাল যে ৫৯ ওভার খেলা হলো তার মধ্যেই প্রথম শ্রেণীর ক্যারিয়ারের পঞ্চম ও জাতীয় লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীস। গত জাতীয় লিগে খেলা একমাত্র ম্যাচেও তাঁর সেঞ্চুরি ছিল। চতুর্থ উইকেটে জাভেদ ওমরের সঙ্গে শাহরিয়ারের জুটিতে আসে ১৬৭ রান।