আমিরের শাস্তি কমানোর আবেদন পিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমি
মোহাম্মদ আমি

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট ক্যারিয়ারের অকালমৃত্যু ঘটিয়েই ফেলেছেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ। নিষেধাজ্ঞার ফাঁড়া কাটিয়ে আবারও ক্রিকেট অঙ্গনে ফেরার আশা এই দুই পাকিস্তানির নেই বললেই চলে। তবে স্পট ফিক্সিংয়ের অভিযুক্ত আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির হয়তো এখন থেকেই শুরু করে দিতে পারেন ফেরার প্রস্তুতি।
বয়স কম বলে আবারও বল হাতে আগুন ঝরানোর সম্ভাবনাটা বেশ ভালোমতোই আছে এই বাঁ-হাতি পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ডও উদগ্রীব ২১ বছর বয়সী আমিরকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য। তরুণ এই ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদটা কমিয়ে আনতে আইসিসির কাছে আবেদনও জানাবে পিসিবি। আজ লন্ডনে আইসিসির এক সভায় এই আবেদন জানানো হবে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
২০১০ সালের আগস্টে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ আমির। পরের বছর অভিযোগ প্রমাণিত হওয়ার পর পেয়েছিলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা। এই শাস্তির মেয়াদের অর্ধেক সময় ইতিমধ্যে পারও করে ফেলেছেন আমির। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে, আমিরের শাস্তিটা যথেষ্টই হয়েছে। আর এখন তাঁকে জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সুযোগ এবং ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া উচিত। নিষেধাজ্ঞার কারণে এ ধরনের অনুশীলনের সুযোগ থেকেও আমির বঞ্চিত।
২০০৯ সালে অভিষেক টেস্টেই ছয় উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন আমির। ১৮ বছর বয়সী এই তরুণ পেসারকে অনেকেই তুলনা করেছিলেন ওয়াসিম আকরামের সঙ্গে। নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে ইতিমধ্যেই ১৪ টেস্টে ৫১ শিকার করেছেন আমির। সূত্র: গার্ডিয়ান।