আমিরের হয়ে কথা বললেন শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পাকিস্তান দলে ভালো ফাস্ট বোলারের অভাব। প্রয়োজন মোহাম্মদ আমিরের মতো বোলারের। কিন্তু আমিরকে দলে নেওয়ার সুযোগ নেই। আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন তরুণ এই বোলার, তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে নির্বাচকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানি ‘স্পিড স্টার’ শোয়েব আখতার।‘একজন খেলোয়াড় যদি একই ভুল আরেকবার করেন, তবে তাঁকে আজীবন নিষিদ্ধ করা যেতে পারে। কিন্তু আমির প্রথমবারের মতো এই ভুল করেছিলেন। এ জন্য তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আমি মনে করি, এই শাস্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে দলে ফেরার সুযোগ দেওয়া উচিত।’ পাকিস্তানি দৈনিক দ্য নেশনকে বলেছেন শোয়েব।আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৯ সালের মাঝামাঝিতে। অল্প দিনেই তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। অনেকে তাঁকে দেখছিলেন ‘নতুন ওয়াসিম আকরাম’ হিসেবে। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে তিনি শিকার করেন টেস্টে ৫০ উইকেট। সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক!২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। জেলের ঘানিও টানতে হয় তাঁকে। যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট তাঁকে ছয় মাসের দণ্ড দেন। তবে বয়স কম বলে কারাগারের বদলে আমিরকে পাঠানো হয় কিশোর সংশোধনকেন্দ্রে। পুরো সাজা অবশ্য খাটতে হয়নি। তিন মাস সাজা খেটে গত ফেব্রুয়ারিতে দেশে ফেরেন আমির।আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও অল্প বয়স বিবেচনায় আমিরের ক্ষেত্রে একটু ‘নমনীয়’ ছিল আইসিসিও। খবর বেরিয়েছিল, দোষ স্বীকার করে সত্যিকারের ঘটনা বললে শাস্তি কমানো হতে পারে আমিরের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এই ফাস্ট বোলার।