আমূল পরিবর্তন চান ইমরান খান
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট ক্যারিয়ারের অকাল মৃত্যুটা আগেই হয়েছিল সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের। এবার অবৈধ অর্থ লেনদেনের অপরাধে জেলও খাটতে হবে এ তিন ক্রিকেটারকে। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট গতকাল বাটকে ৩০ মাস, আসিফকে ১২ মাস ও মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পুরো ব্যাপারটিই পাকিস্তানের জন্য খুবই লজ্জার বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এ পরিস্থিতি উত্তরণে পুরো পাকিস্তান ক্রিকেটেরই আমূল পরিবর্তন দাবি করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।গতকাল জিয়ো নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ইমরান খান বলেছেন, ‘আমার মনে হয় এ মুহূর্তে পুরো পাকিস্তানি ক্রিকেটেরই একটা আমূল পরিবর্তন দরকার। তাহলেই কেবল আমরা ক্রিকেট অঙ্গনকে দুর্নীতি থেকে পুরোপুরি মুক্ত রাখতে পারব। এই খেলোয়াড়দের জন্য আমার খুব খারাপ লাগছে। পাকিস্তানি ক্রিকেটের জন্যও এটা খুব দুঃখজনক। কিন্তু সত্যি কথা হচ্ছে, এই খেলোয়াড়েরা যখন দেখে যে দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, তখন তারা মনে করে, যা খুশি তা-ই করেও পার পাওয়া যাবে।’ ইএসপিএন।